২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৃষিজমি রক্ষায় বসতিতে সীমা বাঁধা দরকার’

কৃষিজমি রক্ষায় নতুন বসতি স্থাপনে ‘কিছু সীমা বেঁধে’ দেওয়া দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিজমি রক্ষায় নতুন বসতি স্থাপনে ‘কিছু সীমা বেঁধে’ দেওয়া দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জনসংখ্যার কারণে দেশে কৃষি জমির সংকট সৃষ্টি হচ্ছে উল্লেখ করে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে মুহিত বলেন, “আমাদের ভূমি ব্যবহারের ক্ষেত্রে শক্ত জনমত গড়ে তোলা দরকার। বসতি স্থাপনের ক্ষেত্রে কিছু সীমা বেঁধে দেওয়া দরকার।” “এমন কিছু পরিকল্পনা করতে হবে যাবে নতুন বসতির তৈরি হলেও কৃষিজমি নষ্ট না হয়।” “তবে এজন্যে সবার সাহায্য ও সমর্থন দরকার হবে,” বলেন তিনি। মুহিত কথা বলছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশের কৃষি: অর্জন, সমস্যা এবং সম্ভাবনা’ শিরোনামের এক সেমিনারে। সরকার কৃষি খাতের উন্নয়নে সচেষ্ট উল্লেখ করে তিনি বলেন, এই খাতের উন্নয়নে জনবল বাড়ানো হবে। “তবে জনবল বাড়ানোর আগে চিন্তা করা দরকার, এই জনবল কি কেন্দ্রীয় সরকারের হবে নাকি স্থানীয় পর্যায়ে হবে।” “আমি মনে করি, এরকম নিয়োগ স্থানীয় পর্যায় থেকে হলে তা ভালো হবে।” কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ আয়োজিত সেমিনারটি সকাল পৌনে ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও, সম্মেলনকেন্দ্রটিতে প্রধানমন্ত্রীর আরেকটি অনুষ্ঠান থাকায় সেটি পৌনে ২টায় শুরু হয়। সেমিনারে মূল প্রবন্ধে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল বলেন, “কৃষিজাত পণ্যের দ্রুত প্রক্রিয়াকরণ ও বাজারজাত ব্যবস্থার উন্নয়ন জরুরি। এছাড়া কৃষিক্ষেত্রে উপজেলা পর্যায়ের বদলে ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তা নিয়োগ দরকার।” কৃষিবিদ ইন্সটিটিউটের সভাপতি ড. নীতিশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সেমিনারে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার পরামর্শক জেড করিমও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০১৭ ঘ.