ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে আগামী ২১ মার্চ যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ।
বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম শুরুর পর প্রসিকিউশনের পক্ষে মোহাম্মদ আলী যুক্তি উপস্থাপন শেষ করেন।
তার প্রস্তুতি না থাকায় বিচারক মঙ্গলবার প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন মুলতবি করেছিলেন।
বুধবার প্রসিকিউশনের বক্তব্য শেষে আসামির আইনজীবী ফরিদউদ্দিন খান তার যুক্তি তুলে ধরার জন্য সময় চাইলে বিচারক তা মঞ্জুর করে ২১ মার্চ দিন রাখেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল¬ার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে।
মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৪১ ঘ.
bdnews24