চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের নেতৃত্বে একটি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি এবং ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
চবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তার বিষয়ে যা করার দরকার তিনি সংশ্লিষ্ট ব্যক্তি বা দপ্তরকে নির্দেশ দিবেন বলে আশ্বাস দিয়েছেন।”
তিনি জানান, চবি ক্যাম্পাসে একটি থানা স্থাপনের দাবি প্রধানমন্ত্রীর কাছে জানালে তিনি এ বিষয়ে একমত পোষণ করেছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বেদখল জায়গা-জমি উদ্ধার ও সার্বিক উন্নয়নের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান সৌরেন বিশ্বাস।
গত ৮ ফেব্র“য়ারি চবি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার এক সিদ্ধান্তে ২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ২৯ ফেব্রয়ারি আরেক সভায় বন্ধ বাড়িয়ে আগামী ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৭০৫ ঘ.
bdnews24