ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি মার্কেটে আগুন লেগে কাপড়ের গুদাম পুড়ে গেছে। ওই ভবনে কেউ হতাহত না হলেও পিছনের একটি ভবন থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাটা সিগন্যালের কাছে দেওয়ান কমপ্লেক্স নামে পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে নিচতলার কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
“ওই মার্কেটের দ্বিতীয় তলায় হাসান ব্রাদার্সের কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি”, বলেন তিনি।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোহাম্মদ আলী বলেন, ঘটনার সময় মার্কেট বন্ধ থাকায় সেখানে কেউ হাতাহত হয়নি। তবে দুপুর ১টার দিকে পিছনের একটি ভবনের তৃতীয় তলা থেকে শামছুন্নাহার নামে ৮৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়।
“ধারণা করা হচ্ছে, আগুনে অতঙ্কিত হয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে ধোঁয়াও তার তার মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে।”
মোহাম্মদ আলী জানান, মার্কেটে আগুন লাগার পর পেছনের ওই ভবন থেকে সবাই নেমে গেলেও ওই বৃদ্ধা বাসাতেই ছিলেন।
শামছুন্নাহার ওই ভবন মালিকের শাশুড়ি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৫১ ঘ.
bdnews24