পটুয়াখালী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পন্টুনের সামনে একটি পাথর বোঝাই কার্গো ডুবে যাওয়ায় পটুয়াখালীর আন্ধারমানিক নদীতে কলাপাড়া ফেরি বন্ধ হয়ে গেছে।
রোববার রাত ৯টার দিকে এমভি রিভারভিউ নামের কার্গোটি ডুবে গেলে পর্যটন শহর কুয়াকাটার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।
এতে ঘাটের দুই পাড়ে যানবাহনে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
কলাপড়া ফেরির সুপারভাইজার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টায় ফেরি বন্ধ হয়েছে। জোয়ারের সময় একঘণ্টা করে ফেরি চলছে।
সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিককে দ্রুত কার্গোটি উদ্ধার করতে বলা হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে অন্যত্র পন্টুন বসিয়ে যান চলাচলের চেষ্টা করা হবে।
তবে পন্টুন বসানোর কাজ রাত ছাড়া করা সম্ভব নয় বলে জানা তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৫ ঘ.
bdnews24