ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চট্টগ্রাম বন্দর থানার শিল্প পুলিশের সহকারী সুপার নুতান চাকমাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
গত বৃহষ্পতিবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাদের পক্ষে দাখিল করা অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। এ তথ্য জানা যায় রোববার।
বিচারক আগামী ২৮ জুলাই মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন রাখেন।
আরো যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- আসামির বাবা কর্ণজয় চাকমা ও অমরাদেবী।
গত ১২ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় জামিন চাইলে মহানগর হাকিম এ জি এম আল মাসুদ তাকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।
বৃহষ্পতিবার অব্যাহতির আবেদন শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল গণী টিটো।
বাদী তিলোত্তমা দেওয়ান গিনি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক।
গত বছরের ১৮ অক্টোবর এ আদালতে দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি তাদের বিয়ের কয়েকদিন পর থেকে নুতান ও অপর আসামি তার বাবা মা নুতানের জন্য একটি গাড়ি, একটি ফ্ল্যাট, রাঙ্গামাটির রাজবাড়ি সড়কে একটি চার তলা বাড়ির বাদীর অংশটি নামজারী করে হস্তান্তরের জন্য চাপ দেন।
এর পর কয়েক দফায় তাদের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যৌতুক দেওয়া হয় বলে মামলার অভিযোগে বলা হয়।
তিলোত্তমার বাবা তরুন তপন দেওয়ান সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ছিলেন। বর্তমানে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন।
বাদীর পিতামহ শান্তিময় দেওয়ান রাঙ্গামাটি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। বাদীর চাচা মনি স্বপন দেওয়ান ছিলেন বিএনপি সরকার আমলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/০০২৩ ঘ.
bdnews24