নোয়াখালী, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে নালিশ করেও বিচার না পেয়ে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার এক স্কুলছাত্রী।
উত্ত্যক্তের বিষয়টি ইউপি চেয়ারম্যান ও অভিভাভকদের জানানোর কারণে তুলে নেওয়ার চেষ্টার একদিন পর শনিবার রাতে জাহেদা আক্তার লিপি নামে ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করে।
লিপি উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের নবম শ্রেণীর ছাত্রী ছিলো। তার বাড়ি চর মজিদ গ্রামে।
লিপির বাবা আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে আসা-যাওয়ার পথে লিপিকে একই গ্রামের জসিম ও হেলাল উদ্দিন উত্ত্যক্ত করতো। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বখাটেদের অভিভাবকদের জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেননি।
“শুক্রবার রাতে ওই দুই বখাটে লিপিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরদিন লিপি স্কুলে গেলে বখাটেরা পথে আবারো তার সঙ্গে অশালীন আচরণ করে।”
বিচার না পেয়ে এবং বখাটেদের অপমান সহ্য করতে না পেরে শনিবার রাত ৮টায় বাড়ির বাইরে গিয়ে লিপি বিষপানে আত্মহত্যা করে বলেও দাবি করেন তাহের।
ওই দুই বখাটের মধ্যে আনসার মিয়া দাখিল মাদ্রাসার ছাত্র জসিম এবং অপরজন সৈকত ডিগ্রি কলেজের ছাত্র। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
ইউপি চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিপিকে উত্ত্যক্তের বিষয়টি তার বাবা জানিয়েছিলেন। এজন্য জসিম ও হেলালের অভিভাবকদের সতর্ক করা হয় এবং তাদের বৈঠকেও ডাকা হয়েছিলো। কিন্তু তার আগেই মেয়েটি আত্মহত্যা করেছে।”
লিপির লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান চরজব্বার থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি বলেন, থানায় অভিযোগ দায়েরের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক/প্রতিনিধি/সিএস/এএল/১৬০০ ঘ.
bdnews24