২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎকেন্দ্রের স্থাপনায় ধস: ৩০ শ্রমিক উদ্ধার

রাজশাহীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ধসে পড়া স্থাপনা থেকে ৩০ জনকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে অগ্নি-নির্বাপক বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

রাজশাহী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ধসে পড়া স্থাপনা থেকে ৩০ জনকে উদ্ধারের খবর দিয়ে অগ্নি-নির্বাপক বাহিনী বলেছে, আর কেউ আটকে নেই। জেলা সদরের কাটাখালীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্মাণাধীন একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের স্থাপনা শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ধসে পড়ে। স্থাপনায় অন্তত ৫০ শ্রমিক আটকা পড়ে বলে সে সময় বলেছিলেন কাটাখালী-পিকিং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এনামুল হক। তবে অগ্নি-নির্বাপক বাহিনীর ওয়্যার হাউজ পরিদর্শক মাহাবুবুল আলম সন্ধ্যার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩০ জনকে উদ্ধারের পর আর কাউকে উদ্ধার করা হয়নি।” “কেউ আটকে আছে বলে মনে হয় না। তারপরও উদ্ধার কাজ চলছে।” রাত সাড়ে ১০টায় উদ্ধার অভিযান সমাপ্ত হয় বলে জানান এ কর্মকর্তা। প্রকল্পের সার্কুলেটিং ওয়াটার পাম্পের দোতলার ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা ঘটে। স্থাপনা ধসে পড়ার সময় ‘অনেকেই লাফিয়ে পড়ে বা ভিতর থেকে বেরিয়ে নিজেদের রক্ষা করেন’ বলে ধারণা অগ্নি-নির্বাপক বাহিনীর কর্মকর্তা মাহাবুবুলের। সংশ্লিষ্টরা জানান, স্থাপনা ধসে পড়ার পরপরই রাজশাহী থেকে অগ্নি-নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এনামুল হক জানান, উদ্ধারকৃতদের মধ্যে আট জনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীনরা সুজন, টুটুল, স্বপন, মিজানুর, মাসুদ, আবুল কালাম, আনোয়ারুল, সুরেশ চন্দ্র ও আজিজ আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। রাজশাহী শহর থেকে আট কিলোমিটার দূরে কাটাখালীতে ৫০ মেগাওয়াটের এই কেন্দ্র নির্মাণের জন্য ২০১০ সালের ১৮ অক্টোবর চীনা কোম্পানি ডং-ফেং ইলেকট্রিক কর্পোরেশনের (ডিইসি) সঙ্গে চুক্তি করে সরকার। চলতি বছরের মে মাসেই এ কেন্দ্রে উৎপাদন শুরুর কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/পিডি/২৩২০ ঘ.