২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ

উৎপাদন মূল্য বৃদ্ধির (পিস রেট) দাবিতে সাভারে তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের সময় ভাংচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

সাভার, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন মূল্য বৃদ্ধির (পিস রেট) দাবিতে সাভারে তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের সময় ভাংচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) হেলিকন বিডি লিমিটেড, জিরাব এলাকার ডেকো গ্রুপ ও নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ এ্যাপারেলস লিমিটেড কারখানায় শ্রমিক বিক্ষোভে অন্তত ২৫ জন আহত হয় বলে জানায় পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পরে হেলিকন বিডি লিমিটেড কারখানায় রোববার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে হেলিকন বিডি লিমিটেডের সহকারী উপ-মহাব্যবস্থাপক নাছির উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক মো. রিপন, উৎপাদন কর্মকর্তা অরুনা শান্তা, অপারেটর নায়েব আলী ও আরিফকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উৎপাদন মূল্য বৃদ্ধির দাবিতে হেলিকন কারখানার কিছু শ্রমিক বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে। এর জের ধরেই শনিবার সকাল ৮টার দিকে কারখানার প্রায় আঠারশ’ শ্রমিক সেই বিক্ষোভে সামিল হন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর করে। এ সময় পরিস্থিতি শান্ত করতে এসে কারখানা কর্মকর্তারা শ্রমিকদের হামলার শিকার হন জানিয়ে ওসি বলেন, পুলিশ এসে শ্রমিকদের ধাওয়া করলে তারা ডিইপিজেডের মূল ফটকের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ সেখান থেকে লাঠিপেটা করে সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় প্রায় ২০ শ্রমিক আহত হয়। পরে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। হেলিকন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপক হেদায়েদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা সকালে কারখানায় এসে হামলা চালায়। ওসি আরো জানান, একই দাবিতে জিরাব এলাকার ডেকো গ্রুপের প্রায় ৩ হাজার শ্রমিক সকালে কারখানায় বিক্ষোভ করে। এসময় তারা কারখানায় ভাংচুর করে ও পরে বাইরে এসে বিক্ষোভ করে। এ সময় পাঁচজন আহত হয়। ডেকো গ্রুপের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ শামীম পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে। এরপরও তারা কারখানায় ভাংচুর করেছে। কারখানার ফ্লোর ইনচার্জ ও শ্রমিক নেতা রোস্তম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরেই শ্রমিকরা পিস রেট নিয়ে আন্দোলন করছে। মূল্য বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। এদিকে ৬ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। তবে এখানে কোনো ভাংচুরের খবর পাওয়া যায়নি। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০৫ ঘ.