লাবলু আনসার
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্য ব্যক্তিত্ব ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার মমতাজউদ্দীন আহমদকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মমতাজউদ্দীন আহমদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে ৯ মার্চ বিকেলে (বাংলাদেশ সময় শনিবার ভোর) তাকে ছেড়ে দিয়েছেন নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা।”
তিনি জানান, অধ্যাপক মমতাজউদ্দীন গত কিছুদিন ধরেই অসুস্থ। ৭ মার্চ স্মরণে বাংলাদেশ মিশনে অনুষ্ঠান চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ মিশনের প্রেস সচিব মামুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, উনার (মমতাজউদ্দীন) রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল। মলের সঙ্গে রক্ত যাচ্ছিল।”
৭৭ বছর বয়স্ক এই নাট্যকারকে সপ্তাহখানেক আগেও একবার হাসপাতালে নিতে হয়েছিল বলে জানান মোমেন।
১৯৯৭ একুশে পদক জয়ী এই নাট্যকারের জন্ম ১৯৩৫ সালে সালের ১৮ জানুয়ারি চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনেও সক্রিয় ছিলেন।
বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ও ইউরোপীয় নাটক বিষয়ে শিক্ষকতা করার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নেও কাজ করেছেন মমতাজউদ্দীন।
মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি লিখেছেন নাটক, উপন্যাস, প্রবন্ধ ও কলাম। তার লেখা নাটক ‘কি চাহ শঙ্খচিল’ এবং ‘রাজা অনুস্বরের পালা’ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত।
মমতাজউদ্দীন আহমদের এক ছেলে ক্যানাডায় এবং দুই ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টারের দায়িত্ব নিয়ে তিনি নিজেও গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএ/জেকে/১৩২০ ঘ.
bdnews24