শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনীয় বৈধ নথি না থাকায় বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে’র সম্প্রচার অবৈধ জানিয়ে প্রতিষ্ঠানটিকে নোটিস দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক বিটিআরসি।
বিটিআরসি প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা রেডিও ইক্যুইপমেন্ট লাইসেন্স ছাড়া অবৈধভাবে স্পেক্ট্রাম ব্যবহার করে সম্প্রচার করছে।”
“এর কারণ জানতে চেয়ে তাদের নোটিস দেওয়া হয়েছে।”
আগামী সাত দিনের মধ্যে নোটিসের জবাব দিতে হবে বলেও জানান তিনি।
একুশে টেলিভিশনের লাইসেন্স বাতিলের আশঙ্কা রয়েছে কি না- জানতে চাওয়া হলে জিয়া বলেন, “চিঠির উত্তর আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
একুশে টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসির নোটিসকে ‘উদ্দেশ্যমূলক’ বলে আখ্যায়িত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিটিআরসির বক্তব্য সত্য নয়। একুশে টেলিভিশনের রেডিও ইক্যুইপমেন্ট লাইসেন্স আছে। স্পেক্ট্রাম বরাদ্দও হালনাগাদ আছে।”
“এটি খুবই আশ্চর্যের বিষয় যে ২০০৭ সাল থেকে পুনঃসম্প্রচারে আসার ৫ বছর অতিবাহিত হওয়ার পর বিটিআরসি এই চিঠি দিয়েছে। তাই সহজেই এর উদ্দেশ্য বোঝা যায়।”
২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্টোরিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময়ে একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল এটি পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে স¤প্রচারে আসে।
অবৈধভাবে সম্প্রচারের দায়ে টেলিকম আইনে ৩০০ কোটি টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরবি/এএল/পিডি/২৩১০ ঘ.
bdnews24