২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেন চালকদের ধর্মঘট

চালকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে সবধরনের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে সবধরনের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। রেল কর্মকর্তারা জানিয়ছেন, বুধবার সকালে ফেনী স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের সহকারী চালককে মারধরের জের ধরে চট্টগ্রামের ট্র্রেন চালকরা ধর্মঘট করেন। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি আন্তঃনগরসহ তিনটি ট্রেন তিন ঘণ্টা দেরিতে ছাড়ে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ফেনীতে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন থেকে যাত্রী নামানো নিয়ে জিআরপি পুলিশ সদস্যরা ট্রেনের সহকারী চালক জাহাঙ্গীরকে আটক করে মারধর করেন। এ কারণে ওই ট্রেনের চালক তা চালিয়ে নিতে অপারগতা জানায়। পরে সহকারী চালককে ছেড়ে দিলে মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম অভিমুখে আধঘণ্টা পর রওনা দেয়। এদিকে, ওই ঘটনা চট্টগ্রাম রেল স্টেশনের ট্রেন চালকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা জড়ো হয়ে বেলা ১২টা নাগাদ চট্টগ্রামের পাহাড়তলীতে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে এবং চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটের ট্রেন চালাতে অপারগতা প্রকাশ করে। ডিটিও জাকির জানান, এতে ঢাকামুখী মহানগর গোধূলী, ময়মনসিংহ এক্সপ্রেস ও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ট্রেন চালকরা বিকাল ৫টার দিকে কাজে যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২১০ ঘ.