নওগাঁ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরমধ্যে রয়েছেন বিএনপির চারজন এবং জামায়াতের চারজন।
বদলগাছী, মহাদেবপুর ও মান্দা উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতভর এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন মান্দার জামায়াতকর্মী আবুল কালাম আজাদ (৪০), শহরউদ্দিন (৪০), আব্দুল মালেক (৪৫) ও বদলগাছীর আব্দুল লতিফ (৩৮)।
বিএনপির গ্রেপ্তাররা হলেন মহাদেবপুরের এনায়েতপুর ইউপির ওয়ার্ড যুবদলের সাংগাঠনিক সম্পাদক লেবু উদ্দিন (৩৫), বদলগাছীর মেহেদী হাসান (৩০), সানোয়ার হোসেন (২৮) ও জাহাঙ্গীর আলম (৩০)।
বদলগাছী থানার ওসি লেনিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় আগামী ১২ই মার্চের বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে নাশকতামূলক কাজে জড়িত থাকার আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মান্দা থানার ওসি আব্দুল্লাহহেল বাকী জানান, একটি ইসলামী জলসায় রাজনৈতিক ও সরকার বিরোধী বক্তব্য দেওয়ায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।
মহাদেবপুর থানার ওসি মাহমুদুল হক জানান, নেশাদ্রব্য পান করার সময় লেবু উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিএনপি ও জামায়াত নেতাকর্মী গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি সামসুজ্জোহা খান, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও জেলা জামায়াতের আমীর সালেকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24