গাজীপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানোর আশ্বাস দিয়ে কারখানায় ছুটির নোটিশ ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী গাজীপুরা এলাকার স্যার্টন টেক্সটাইল লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কের দুই পাশে প্রায় ৬-৭ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, মঙ্গলবার শ্রমিকদের বাৎসরিক বেতন বৃদ্ধির দাবির পরিপ্র্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ বুধবার বেতন বাড়ানোর আশ্বাস দেয়।
“বুধবার সকাল ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষের কথা অনুযায়ী শ্রমিকরা কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে ছুটির নোটিশ ঝুলানো দেখতে পায়।”
এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময়ে তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সকাল ১০টার দিকে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ, সাত রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও ২৪ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত হয় অন্তত ১০ শ্রমিক।
এরপর যানচলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৯ ঘ.
bdnews24