হবিগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি গ্রামে সেচ প্রকল্প নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিমবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, পশ্চিমবাগ উত্তর হাওরের একটি সেচ প্রকল্প নিয়ে স্থানীয় শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা অলিউর রহমানের মধ্যে বিরোধ ছিল।
এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠি, ফিকল, টেটাসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে।
তিনি জানান, খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
আহতদের মধ্যে আলী মকবুল, আলী নুর, মলাই মিয়া, শেবলু, তাহের মিয়া, মলাই মিয়া, সানু মিয়া, দরবেশ আলী, জুয়েল মিয়া ও আকবর আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫০৭ ঘ.
bdnews24