ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক তা উপস্থাপন করেন। বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাবিশ্বে স্বাস্থ্যখাতে তথ্য প্রযুক্তি প্রয়োগের ধারার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ উপযোগী স্বাস্থ্য তথ্য ব্যবস্থা, ই গভর্নেন্স, ই হেলথ, ই- সচেতনতামূলক কার্যক্রম ও টেলিমেডিসিন সেবা গড়ে তোলাই এ স্বাস্থ্য নীতির অন্যতম প্রয়াস।
সম্পদের সীমাবদ্ধতা, সেবা সরবরাহে দূর্বল ব্যবস্থাপনা এবং সেবার দূর্বল গুণগত মানকে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ বলে স্বাস্থ্যনীতিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে সেবা গ্রহীতার সংশ্লিষ্টদের সামর্থ্যহীনতা এবং জ্ঞান ও স্বাস্থ্যবিধি অনুযায়ী জীবনযাপন পদ্ধতি অনুসরণ না করার কথাও তুলে ধরা হয়।
১৩ পৃষ্ঠার এ স্বাস্থ্যনীতিতে চ্যালেঞ্জের বিষয়ে বলা হয়, স্বাস্থ্যখাতে উন্নতি সত্ত্বেও অনেক চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবার প্রাপ্যতা এবং তা ভোগের মধ্যে বিশাল পার্থক্য বিরাজমান।
মন্ত্রী বলেন, এসব বৈষম্য সমষ্ঠিগতভাবে দেশের উন্নতিকে বাধাগ্রস্ত করছে। সাধারণভাবে সর্বোচ্চ স্তরের স্বাস্থ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে তারমধ্যে চাহিদা ও সরবরাহ উভয় ধরনের সমস্যা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/আরএ/১৮৪৩ ঘ.
bdnews24