সিলেট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোচিত দুই ছাত্র হত্যা মামলায় নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
সোমবার সকালে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মোহাম্মদ দিলজার হোসেনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব দাশ এ অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে যায় বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীরসহ একদল শিক্ষার্থী।
এসময় বখাটেরা ওই নৌকায় হামলা চালালে শিক্ষার্থীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরদিন দীপঙ্কর ও খায়রুলের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। ওইদিনই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইশফাকুল হোসেন বাদি হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হচ্ছেন- নৌকার মাঝি চেঙ্গেরখালের পাশের নলকট গ্রামের গুলজার মিয়া ওরফে গুলজার মাঝি, একই গ্রামের ছইল মিয়া, শাহিন আহমদ, লাল মিয়া, সাইম মিয়া, জালাল মিয়া, রকিব আহমদ, আবদুল্লাহ ও সেলিম আহমদ।
কারাবন্দি এই নয় জন চেঙ্গেরখালে বালুশ্রমিকের কাজ করতেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জিব দাশ জানান, মামলার অভিযোগ থেকে তারেক আহমদ, সুহেল মিয়া ও সইল মিয়া নামে তিন জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দাখিল করা অভিযোগপত্রের সঙ্গে হত্যাকাণ্ডের ১৪টি আলামত আদালতে দাখিল করা হয়েছে। পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছাত্র-শিক্ষক ও স্থানীয় জনতাসহ ৩৯ জনকে সাক্ষী করা হয়েছে।
সঞ্জিব দাশ জানান, গুলজার মাঝি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে হামলায় সংশ্লিষ্টদের নাম ও ঠিকানা প্রকাশ হয়। পরবর্তীতে এলাকাবাসী উদ্যোগী হয়ে হামলাকারীদের পুুলিশে সোপর্দ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১১ ঘ.
bdnews24