২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ হাজার টাকা পর্যন্ত শিল্পী সম্মানি উৎসে করমুক্ত

বেতার, টেলিভিশন ও মঞ্চসহ যে কোনো মাধ্যমে কর্মরত যে শিল্পীরা দশ হাজার টাকা পর্যন্ত সম্মানি পান, তাদের ক্ষেত্রে উৎসে কর মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতার, টেলিভিশন ও মঞ্চসহ যে কোনো মাধ্যমে কর্মরত যে শিল্পীরা দশ হাজার টাকা পর্যন্ত সম্মানি পান, তাদের ক্ষেত্রে উৎসে কর মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই পরিমাণ আয়ের অনুষ্ঠান নির্মাতা, ক্রেতা, পরিচালক ও নাট্যকারদেরও উৎসে করের আওতামুক্ত করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবসহ ‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪’ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া সাপেক্ষে পাসের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, গণমাধ্যমে কর্মরত শিল্পী ও অনুষ্ঠান নির্মাতাদের ক্ষেত্রে এতোদিন আয়ের ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। আয়কর অধ্যাদেশের এই সংশোধনী পাস হলে যাদের সম্মানি ১০ হাজার টাকা বা তার নিচে, তাদের ক্ষেত্রে আর এই কর কাটা হবে না। তবে ১০ হাজার টাকার ওপরে আয় করেন এমন শিল্পী, নাট্যকার, পরিচালক, অনুষ্ঠান নির্মাতা ও প্রযোজকদের ক্ষেত্রে এ মওকুফের সিদ্ধান্ত কার্যকর হবে না। তাদের যথারীতি আগের আইন অনুযায়ী ১০ শতাংশ হারে উৎসে কর পরিশোধ করতে হবে। এছাড়া দেওয়ানী কার্যবিধি-১৯০৮ সংশোধনের জন্য ‘কোর্ট অব সিভিল প্রসিডিউর (সংশোধন) অ্যাক্ট ২০১২’ অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এ আইন সংসদে পাস হলে মামলা নিস্পত্তি দ্রুততর হবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৩০ ঘ.