২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ ও কুষ্টিয়ায় দুই কৃষকের লাশ

ঝিনাইদহের কালীগঞ্জ ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে দুই কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঝিনাইদহ/কুষ্টিয়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে দুই কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে কালীগঞ্জের বরাট গ্রাম থেকে কৃষক শহীদুল ইসলাম (৩০) ও কুমারখালী বাগুলাট গ্রাম থেকে আলম হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত শহীদুল কৃষ্ণপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং আলম চাঁপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের খয়বার আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সকালে বরাট গ্রামের বাসিন্দা সাধন কুমারের স্ত্রী টয়লেটে গিয়ে ট্যাঙ্কির মধ্যে শহীদুলের লাশ দেখতে পায়। শহীদুলের বাড়ি থেকে সাধনের বাড়ি দুইশ’ গজের মতো। “জমা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।” এ ঘটনায় পুলিশ সাধন কুমার ও শহীদুলের প্রতিবেশী কনক কুমার ওরফে কর্ন ও তার স্ত্রী রেবা রাণীকে গ্রেপ্তার করেছে। কনকের সঙ্গে শহীদুলের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এদিকে কুমারখালী থানার ওসি খন্দকার ফেরদৌস আহমেদ সাংবাদিকদের জানান, সকালে বাগুলাট গ্রামে রাস্তার পাশে রহমান মোল্লার বাগানে কৃষক আলমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তিনি বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে আলমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করতে পারে কেউ।” এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৫১ ঘ.