নীলফামারী, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে যুবলীগের মিছিল থেকে নীলফামারী পল্ল¬ী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। যুবলীগ এজন্য মিছিলে অংশ নেওয়া কৃষকদের দায়ী করেছে।
শনিবার দুপুরে যুবলীগ নেতা-কর্মীরা কৃষখদের নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় ঘেরাও করেন।
নীলফামারী পল্ল¬ী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে জেলা যুবলীগের মিছিলের এক পর্যায়ে মিছিলকারীরা তার কক্ষসহ কয়েকটি কক্ষে হামলা ও ভাংচুর চালায়।
তিনি বলেন, চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতিকে লোডম্যানেজমেন্ট করতে সমস্যায় পড়তে হচ্ছে। সরকার দলীয় নেতাকর্মীদের পল্ল¬ী বিদ্যুৎ সমিতির কার্যালয় ভাংচুর করা ঠিক হয়নি বলে জানান তিনি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের হাজার হাজার কৃষক স্থানীয় আওয়ামী লীগ অফিসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যালয়গুলোতে গত ১০ দিন ধরে বিদ্যুতের দাবিতে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে।
বিদ্যুৎ সমস্যার কারণে বোরো আবাদ ও চলতি এইচএসসি পরীক্ষার্থীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষের দাবির মুখেই যুবলীগ কৃষকদের নিয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে বলে জানান শাহিদ মাহমুদ।
উত্তেজিত শত শত কৃষক বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার আগেই পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায় বলে দাবি করেন জেলা যুবলীগ নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24