২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছল মানুষেরা গডফাদারদের ভয় পান: আইভী

সমাজের বিত্তবান ও স্বচ্ছল মানুষেরা এখনো প্রভাবশালী গডফাদারদের ভয় পান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজের বিত্তবান ও স্বচ্ছল মানুষেরা এখনো প্রভাবশালী গডফাদারদের ভয় পান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী। শুক্রবার দুপুরে শহরের পুরাতন বার লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সাধারণ খেটে খাওয়া মানুষ জেগে উঠেছিল বলেই আমি তাদের শক্তিতে সাহসী হয়ে উঠেছি। “কিন্তু সমাজের বিত্তবান, স্বচ্ছল মানুষরা এখনো প্রভাবশালী গডফাদারদের ভয় পান। নারায়ণগঞ্জে যার একটি বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আছে তিনিই প্রভাবশালী গডফাদারদের ভয় পান।” এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার এবং ব্যবসায়ীসহ জেলার বিভিন্ন সংগঠনে সুষ্ঠু, গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। জেলার কমিউনিস্ট পার্টি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন, ছাত্র সমিতির সাবেক নেতাকর্মী ও সমর্থকদের সংগঠন সমমনা’র চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে কোনো প্রভাবশালী মহল যাতে অবৈধ হস্তক্ষেপ করতে না পারে সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। সমমনা’র সভাপতি রোকনউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ, দুলাল সাহা, আব্দুস সোবহান মিঞা, রফিউর রাব্বি, শফিকুল ইসলাম দেলোয়ার, মলয় দাস চন্দন, আবু বকর সিদ্দিক, নুরুল ইসলাম প্রমুখ। অধ্যাপক এম এম আকাশ বলেন, আইভী অর্থ ও পেশীশক্তিকে জনতার রায়ে পরাজিত করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই আইভীর মতো প্রার্থী পাওয়া গেলে দেশের রাজনীতির বর্তমান চিত্র পাল্টে যেত। উদ্বোধনী অনুষ্ঠানের পরে কাউন্সিল অধিবেশন হয়। সন্ধ্যায় শহরের চাষাঢ়াস্থ শহীদ মিনার প্রাঙ্গণে ছিল ভারতের পশ্চিমবঙ্গের দল ‘কল্প শব্দ’র সাংস্কৃতিক পরিবেশনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.