২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ২১ সাংসদের ফোন বিল বকেয়া ৩৮ লাখ টাকা

সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের মোট ২১ জন সাংসদের কাছে টেলিফোন বিল বাবদ ৩৮ লাখ ৬ হাজার ৩২৩ টাকা বিল অনাদায়ী রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের মোট ২১ জন সাংসদের কাছে টেলিফোন বিল বাবদ ৩৮ লাখ ৬ হাজার ৩২৩ টাকা বিল অনাদায়ী রয়েছে। এদের মধ্যে নবম সংসদের হুইপ আ স ম ফিরোজ এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী রয়েছেন। ফিরোজের কাছে সপ্তম সংসদে এক লাখ ৮৯ হাজার ৬৪৪ টাকা এবং রহমত আলীর কাছে অষ্টম সংসদে তিন হাজার ৪১১ টাকা বকেয়া রয়েছে। ২১ জন সংসদ সদস্যের মধ্যে সপ্তম জাতীয় সংসদের ১২ জন এবং অষ্টম জাতীয় সংসদের ৯ জন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে নওগাঁ ২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। সর্বোচ্চ নয় লাখ এক হাজার ৮৫ টাকা বকেয়া রয়েছে সপ্তম ও অষ্টম সংসদে রাজশাহী-৪ আসনে বিএনপি সাংসদ নাদিম মোস্তফার। সপ্তম সংসদে তার কাছে পাওনা ছিল তিন লাখ ৯৭ হাজার ৪৭০ টাকা এবং অষ্টম সংসদে পাঁচ লাখ তিন হাজার ৬১৫ টাকা। অষ্টম সংসদে নওগাঁ-২ আসনের বিএনপি সাংসদ মো. সামসুজ্জোহা খানের কাছে পাওনা সাত লাখ সাত হাজার ৬২ টাকা। বকেয়ায় তৃতীয় অবস্থানে অষ্টম সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের বিএনপি সাংসদ মো. আশরাফ হোসেন। তার কাছে পাওনা চার লাখ সাত হাজার ৩৩৭ টাকা। সপ্তম সংসদে ১২ সাংসদের কাছে পাওনা রয়েছে ১৮ লাখ পাঁচ হাজার ৯১৩ টাকা এবং অষ্টম সংসদে নয় সাংসদের কাছে ২০ লাখ চার’শ দশ টাকা। এছাড়া সপ্তম সংসদে ফেনী-২ আসনের জয়নাল আবেদীন হাজারীর কাছে এক লাখ ৯৭ হাজার ৭৪২ টাকা, পাবনা-৩ আসনের মো. ওয়াজিউদ্দিন খানের কাছে এক লাখ সাত হাজার ১৯ টাকা, নীলফামারী-২ আসনের আহসান আহমেদের কাছে এক লাখ ৭৮ হাজার ২৪ টাকা, সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম পান্না কায়সারের কাছে এক লাখ ৭৬ হাজার ৪৯৫ টাকা, সংরক্ষিত নারী আসনের সাংসদ খালেদা খানমের কাছে চার হাজার ৭৪৮ টাকা, কিশোরগঞ্জ-৪ আসনের ড. মিজানুল হকের কাছে তিন লাখ তিন হাজার ৫৫১ টাকা, বরিশাল-৬ আসনের সৈয়দ মাসুদ রেজার কাছে এক লাখ ৮৯ হাজার ৬৪৪ টাকা, লক্ষ্মীপুর-৩ আসনের খায়রুল এনামের কাছে ৬৯ হাজার ৯৫২ টাকা, ঢাকা-১৩ আসনের জিয়াউর রহমান খানের কাছে ১০ হাজার ৬ টাকা এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম ফরিদা রউফ আশার কাছে পাওনা ২৪ হাজার ৫৯১ টাকা। অষ্টম সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ রোজি কবিরের কাছে ১৩ হাজার ৬৫৮ টাকা, কুড়িগ্রাম-৪ আসনের গোলাম হাবিব দুলালের কাছে ৩১ হাজার ২৭৪ টাকা, যশোর-১ আসনের মো. আলী কদরের কাছে এক লাখ ৮৬ হাজার ৫৮৭ টাকা, কুষ্টিয়া-২ আসনের শহীদুল ইসলামের কাছে ৮৩৮ টাকা এবং চুয়াডাঙ্গা-১ আসনের শহীদুল ইসলাম বিশ্বাসের কাছে এক লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা পাওনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১০৯ ঘ.