২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের কল চার্জ সবচেয়ে বেশি, সংসদে তথ্য

দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের কল চার্জ সবচেয়ে বেশি বলে বৃহস্পতিবার সংসদে টেলিযোগযোগমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের কল চার্জ সবচেয়ে বেশি। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর দেওয়া তথ্যে এ কথা জানা গেছে। নিজ নেটওয়ার্ক এবং অন্য নেটওয়ার্ক- দুই ক্ষেত্রে গ্রামীণফোনের কল চার্জ অন্য অপারেটরগুলোর চেয়ে বেশি। মন্ত্রী রাজু জানান, গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে প্রতি মিনিট কল চার্জ এক টাকা দুই পয়সা। একই ধরনের কলের ক্ষেত্রে বাংলালিংকের চার্জ ৮৬ পয়সা, টেলিটকের ৯৬ পয়সা, রবির ৮৯ পয়সা, এয়ারটেলের ৮১ পয়সা এবং সিটিসেলের ৮২ পয়সা। নিজ নেটওয়ার্কে কলের ক্ষেত্রে গ্রামীণফোনে প্রতি মিনিট কল চার্জ ৮০ পয়সা বলে জানান রাজিউদ্দিন। একই ধরনের কলের ক্ষেত্রে বাংলালিংকে চার্জ ৬৫ পয়সা, টেলিটকে ৭৬ পয়সা, রবিতে ৪০ পয়সা, এয়ারটেলে ৪১ পয়সা এবং সিটিসেলে ৩৯ পয়সা। সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান টেলিযোগাযোগমন্ত্রী। চলতি বছরের জুনের মধ্যে থ্রি-জি লাইসেন্স দেওয়া সম্ভব হবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি। মোবাইল ফোন কোম্পানিগুলো েেক সরকারের আয় প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০১০-১১ র্অ বছরে কল চার্জ বাবদ মোট এক হাজার ১৫ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৫৬৬ টাকা রাজস্ব পাওয়া গেছে। সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, দেশে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোনে থ্রিজি প্রযুক্তি সংযোজন করার পরিকল্পনা সরকারের রয়েছে। থ্রি-জি লাইসেন্স দিতে বিটিআরসি লাইসেন্সিং নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী। ডাক বিভাগে সংস্কার বাংলাদেশ ডাকবিভাগ ‘স্বয়ংক্রিয়’ করার একটি প্রকল্পের আওতায় এ বিভাগের সংস্কার চলছে বলে সংসদে জানান ডাকমন্ত্রী রাাজিউদ্দিন আহমেদ। প্রকল্পটি বাস্তবায়িত হলে ডাকঘরের কাউন্টার কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম সফটওয়্যার নির্ভর হবে। এ প্রকল্পের আওতায় চারটি জিপিও, ৬৭টি প্রধান ডাকঘর, ৫০টি গুরুত্বপূর্ণ সাব-পোস্ট অফিস এবং ১৩টি মেইল অ্যান্ড সর্টিং অফিসসহ ১৩৪টি পোস্ট অফিসের কর্মকাণ্ডে কম্পিউটার প্রযুক্তি যুক্ত হবে বলে জানান মন্ত্রী। তিনি জানান, গ্রামীণ পোস্ট অফিসগুলোকে সচল করার লক্ষ্যে পোস্ট ই-সেন্টার ফর রুলাল কমিউনিটি নামের একটি প্রকল্পও অনুমোদন হয়েছে। এর আওতায় আট হাজার গ্রামীণ ডাকঘর এবং পাঁচশ উপজেলা ডাকঘরকে ই-সেন্টারে রূপান্তর করা হবে উল্লেখ করে মন্ত্রী জানান, এ প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা ও সুবিধা পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৫৭ ঘ.