বরিশাল, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে, এর মধ্যে এক জন মারা গেছেন বরগুনার আমতলী পৌরসভার মেয়রের গাড়ির চাপায়।
পৌর মেয়রের গাড়িচাপায় নিহত মটর সাইকেলচালক মো. শহিদ (২৮) বরিশাল নগরীর সাগরদী এলাকার বাসিন্দা আলতাফ হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ দুধল মৌ এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমতলীর পৌর মেয়র মো. মতিউর রহমানের পাজেরো গাড়ি বরিশাল নগরী যাচ্ছিল। দ্রুত বেগে আসা মেয়রের গাড়ি একই গন্তব্যগামী মটর সাইকেলচালক শহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শহিদ মারা যায়।
পুলিশ মেয়রের গাড়িটি আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে উজিরপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা অয়েল কোম্পানির ট্যাংক লরির চাপায় দুই মটর সাইকেল অরোহী মারা গেছে। একই সড়কে বাসচাপায় এক শিশু এবং ঝালকাঠী-বরিশাল সড়কে দুর্ঘটনায় আরেক মটর সাইকেলচালক নিহত হয়েছে।
উজিরপুর থানার ওসি সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটিপাড়া মোড়ে ঢাকাগামী একটি লরির চাপায় নিহত হন মাটর সাইকেল অরোহী ঝালকাঠীর গাবখান বৈদারাপুর এলাকার আলম মাঝি (২৭) এবং এক অজ্ঞাত অরোহী।
বরিশাল-ঝালকাঠি সড়কের শ্রীরামপুর এলাকায় মটর সাইকেল উল্টে বৈরকাঠি এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে মাইনউদ্দিন মারা যান।
বরিশাল-ঢাকা মহাসড়কে কবি বাড়ী এলাকায় সকালে ট্রাকের ধাক্কায় আহত হন পথচারী হেনা বেগম (৩০) ও তার ছেলে বাঁধন সরদার (৫)। তাদের বাড়ি উত্তর মোরাকাঠি এলাকায়।
আহত দুজনকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে বাঁধনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24