পটুয়াখালী, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারধরের শিকার হয়েছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মো. শফিকুল ইসলাম। বুধবার রাতের ওই ঘটনার জন্য যাকে দায়ী করা হচ্ছে, এরপর তার বাড়িতেও হামলা হয়েছে।
মেয়রের ওপর হামলার ঘটনায় মামলা এবং প্রধান আসামি মোহাম্মদ রিংকুকে গ্রেপ্তার করা হলেও রিংকুর বাড়িতে হামলার ঘটনায় পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এসেছে।
রিংকুর বাবা আব্দুল আজিজ আইনজীবী, রিংকু নিজেও আইন পেশায় রয়েছেন। রিংকু যুবলীগ নেতা পলাশ মৃধা হত্যা মামলার অন্যতম আসামি, তবে জামিনে রয়েছেন। পলাশ মেয়র শফিকের আত্মীয়।
রাত সাড়ে ১১টার দিকে শহরের ব্যায়ামাগার সংলগ্ন ‘হেলথ কেয়ার ক্লিনিক’-এ মেয়রের ওপর হামলা হয় বলে ওই ক্লিনিকের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের করা মামলায় বলা হয়েছে। মেয়র ডা. শফিক ওই ক্লিনিকের মালিক।
মামলায় বলা হয়েছে, রিংকু ও সোহাগের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী রাত সাড়ে ১১টার দিকে ক্লিনিকে ঢুকে সিদ্দিকুর রহমানের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনা শুনে মেয়র সেখানে গেলে তাকে মারধর করা হয়।
সদর থানার উপপরিদর্শক মাকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিংকুকে আটক করে।
আওয়ামী লীগ নেতা ও মেয়র শফিকের ওপর হামলার পর রাতে শহরের পশু হাসপাতাল সড়ক এলাকার রিংকুর বাসায় কয়েক দফা হামলা ও ভাংচুর চালায় এক দল লোক।
অ্যাডভোকেট আজিজের স্ত্রী মোহসেন আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অজ্ঞাতনামা ৩০/৪০ জনের সশস্ত্র সন্ত্রাসী বাসায় দফায় দফায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে।
ভোর রাতে বাসার পিছনের বারান্দায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।
মোহসেনা বলেন, “ঘটনার সময় বার বার পুলিশকে খবর দিলেও আজ বেলা ১১টা পর্যন্ত পুলিশের কোনো সদস্য আসেনি।”
তবে সদর থানার ওসি মনিরুল ইসলাম এই অভিযোগ নাকচ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ একবারও যায়নি, এটা ঠিক নয়। রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে আমি (ওসি) দুই বার ওই বাসায় গিয়েছি।”
এদিকে মেয়রের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের সেবা বন্ধ করে দেয় পৌরকর্মীরা।
পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়রের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা আগামী ২৪ ঘণ্টার মধ্যে না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
অন্যদিকে বাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবস্থা চেয়ে বৃহস্পতিবার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন অ্যাডভোকেট আজিজ।
আইনজীবী সমিতির সভাপতি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এই ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24