চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেন থেকে বাতিল লোহা (স্ক্র্যাপ) আমদানির ঘোষণা দিয়ে আনা চারটি কন্টেইনার খালি পেয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, মুদ্রা পাচারের জন্য আমদানিকারকরাই এ ঘটনা ঘটিয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের এসএল স্টিল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ছয় কন্টেইনার রি-রোলেবল স্ক্র্যাপ আমদানি করে। তবে বুধবার বন্দর ইয়ার্ডে ছয়টির মধ্যে চারটি কন্টেইনার পরীক্ষা করে দেখা যায় সেগুলো খালি। কন্টেইনারগুলোর নম্বর ঠিক আছে এবং তালা সিলগালা অবস্থায় ছিলো।
বাকি দুটি কন্টেইনার বৃহস্পতিবার পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
ওমর ফারুক বলেন, আমদানি কাগজপত্রে ছয়টি কন্টেইনারে ৬৬ হাজার ১৭৬ দশমিক ৪২ মার্কিন ডলার মূল্যমানের ১৩৯ দশমিক ৩৮৭ মেট্রিক টন স্ক্র্যাপ থাকার কথা।
“মুদ্রা পাচার করতে আমদানিকারকরাই এ ঘটনা ঘটাতে পারে। অথবা রপ্তানিকারক প্রতিষ্ঠানও প্রতারণা করে খালি কন্টেইনার পাঠিয়ে থাকতে পারে”, যোগ করেন তিনি।
ফারুক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার জুয়েল আহমেদ ঘটনাটি তদারক করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/২২০৭ ঘ.
bdnews24