২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পদার্থবিজ্ঞান জাতীয় সম্মেলন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী পদার্থবিজ্ঞান জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী পদার্থবিজ্ঞান জাতীয় সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন। উদ্বোধনী বক্তৃতায় ড. সালেহ উদ্দিন বলেন, “সভ্যতার এই যুগে চারপাশে তাকালেই আমরা বিজ্ঞানের অবদান দেখতে পাই। এক সময় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাঙালির অবদান ছিল অনেক। আজ বাঙালির অবদান ক্রমেই হ্রাস পাচ্ছে। পদার্থবিজ্ঞানের এই সম্মেলন দেশে বিজ্ঞান শিক্ষায় বিশেষ করে পদার্থবিজ্ঞান শিক্ষায় ইতিবাচক সাড়া জাগাবে।” পরে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত প্লেনারি সেশনে সভাপতিত্ব করেন শাবিপ্রবি’র প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ। এ সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. আলী আসগর। দুপুরে একাডেমিক ভবন ‘এ’ এর গ্যালারিতে অনুষ্ঠিত ‘ইনভাইটেড টকে’ প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শমসের আলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’তে চারটি টেকনিক্যাল সেশনে ননলিনিয়ার অপটিক্স ও লেজার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স ও রিয়েক্টর ফিজিক্স, রিনিয়েভল এনার্জি এবং অ্যাটোমিক ফিজিক্স ও মেডিকেল ফিজিক্সের উপর প্রায় অর্ধশতাধিক প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। সম্মেলনের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইয়াসমিন হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. আবদুল হান্নান, অধ্যাপক ড. শরীফ মো. শরাফ উদ্দিন বক্তব্য রাখেন। দুইদিনব্যাপী পদার্থবিজ্ঞানের এ জাতীয় সম্মেলনে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানান অধ্যাপক ড. ইয়াসমিন হক। সম্মেলনের শেষদিন বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ’ শীর্ষক এক মুক্ত আলোচনা। ‘ন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন ফিজিক্স’ শীর্ষক এই সম্মেলনের আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৮ ঘ.