২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ জন

শরণখোলা রেঞ্জের দুধমুখী ক্যাম্প এলাকার দুধমুখী খালে ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা বনদস্যু দল গামা বাহিনীর সদস্য বলে র‌্যাব দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছে। নিহতরা বনদস্যু বলে দাবি র‌্যাবের। মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী ক্যাম্প এলাকার দুধমুখী খালে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে র‌্যাব জানিয়েছে। ঘটনাস্থল থেকে ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছেন র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নূরুজ্জামান। তিনি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনদস্যু গামা বাহিনীর একটি আগ্নেয়াস্ত্রের চালান সুন্দরবনে আসছে জেনে র‌্যাব-৮ এর একটি দল দুধমুখী খাল এলাকায় অবস্থান নেয়। “সকাল ৯টা ৫০ মিনিটে র‌্যাব একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে ট্রলার থেকে র‌্যাবের ওপর গুলিবর্ষণ করা হয়। এ সময় উভয়পক্ষে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা বনের ভেতরে ঢুকে র‌্যাবের ওপর গুলি ছোড়া শুরু করে,” বলেন র‌্যাব কর্মকর্তা নূরুজ্জামান। প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটলে এলাকা তল্লাশি করে চারটি লাশ পাওয়া যায় বলে জানান তিনি। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলির সংখ্যা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু র‌্যাব জানাতে পারেনি। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় চার জন নিহত এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের খবর তিনি বনকর্মী ও র‌্যাবের মাধ্যমে জেনেছেন। বন বিভাগের একটি দল র‌্যাবের আরেকটি দলকে নিয়ে কটকা অভয়ারণ্য ক্যাম্প থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। জুলফিকার আলী গামার নেতৃত্বে ‘গামা বাহিনী’ নামে সংগঠিত একটি বনদস্যু দল সুন্দরবনে জেলে নৌকায় ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪০০৩ ঘ.