ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে পাহাড় কাটার দায়ে একটি আবাসন প্রতিষ্ঠানকে প্রায় ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে মাটি ভরাটের পাশাপাশি বনজ ও ফলজ গাছ লাগিয়ে পাহাড়ের আগের উচ্চতা ও আকৃতি ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে গ্রিনল্যান্ড হাউজিং নামে ওই প্রতিষ্ঠানটিকে।
রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রিনল্যান্ড হাউজিং সিলেটের সদর উপজেলার বহর ইউনিয়নে ১২০ ফুট উচ্চতার একটি পাহাড় কেটে আবাসন প্রকল্প গড়ে তোলে। পাহাড় কাটার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মো. কামরুজ্জামানকে আসামি করে পরিবেশ আইনে তিনটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।
“গত ২৩ ফেব্র“য়ারি পরিবেশ অধিদপ্তরের একটি টিম ওই পাহাড়ে অভিযান চালালেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। রোববার কামরুজ্জামানকে পরিবেশ অধিদপ্তরে ডেকে এনে ২১ লাখ ৮১ টাকা জরিমানা করা হয়”, যোগ করেন তিনি।
কামরুজ্জামান লিখিতভাবে পাহাড় কাটার অপরাধ স্বীকার করে জরিমানা পরিশোধ এবং পরিবেশ আইন মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছেন বলেও জানান মুনীর।
এদিকে গ্রিনল্যান্ড হাউজিংয়ের অবৈধ আবাসন প্রকল্পের কার্যক্রম বন্ধ রাখতে সিলেট জেলা প্রশাসককে চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৪৫ ঘ.
bdnews24