চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক শিশুর লাশ পাওয়া গেছে।
রোববার সকালে বাহাদুরগঞ্জ গ্রামের একটি পরিত্যক্ত আমের আড়তে বাঁশের স্তূপের পাশ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নিহত শিশু মোহাম্মদ তুষার (৭) বাহাদুরগঞ্জ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। সে শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয়।
ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুুজি করেও তার কোনো সন্ধান পায়নি।
রোববার সকাল ৮টার দিকে স্থানীয় একদল শ্রমিক বাহাদুরগঞ্জ গ্রামে আম ফাউন্ডেশন কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত আমের আড়তে বাঁশের স্তূপে শিশুটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা। তবে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা সাফেদা বেগম ভোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২৬ ঘ.
bdnews24