মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুসাহিত্যে পাইরেসি এবং বিদেশি বইয়ের আধিপত্য ঠেকাতে দেশের প্রতিষ্ঠিত লেখকদেরই শিশুদের উপযোগী লেখালেখিতে এগিয়ে আসতে হবে বলে মনে করেন মুহাম্মদ জাফর ইকবাল।
শুক্রবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো রকম পাইরেসিই ভাল না। কিন্তু শুধু আইন করে এটা ঠেকানো যাবে না।”
“প্রতিষ্ঠিত লেখকরা শিশুদের উপযোগী লেখার দিকে মনোযোগ দিলে, শিশুদের হাতে এসবের বিকল্প ভাল কিছু তুলে দেওয়া গেলে এই উৎপাত ঠেকানো সম্ভব।”
পাঠাভ্যাস তৈরিতে এবং বইয়ের প্রতি শিশুর মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন বয়সী শিশুদের জন্য তাদের চাহিদা অনুসারে বিভিন্ন রকম বই বের করার সুপারিশ করেন তিনি।
“অতি অল্প বয়সীদের বইয়ে প্রাসঙ্গিক এবং বর্ণিল ছবির ব্যবহার করলে তারা আকৃষ্ট হয়। এর পর একটু বড় বয়সীদের জন্য ছবির ব্যবহার কমিয়ে আনলেও চলে কিন্তু সেখানে বৈচিত্রের দিকে নজর দিতে হবে। তারা যে যে ধরনের বই পছন্দ করে বিশ্ব সাহিত্যের সঙ্গে সঙ্গতি রেখে বিষয়ভিত্তিকভাবে সেই রকম বই বের করার দিকে নজর দিতে হবে।”
“আর যদি তা না করা যায় তাহলে শিশুরা পাঠে আগ্রহী হবে না। বই থেকে সরে গিয়ে তারা সম্পূর্ণ ঝুঁকে পড়বে টেলিভিশনের দিকে। যেটা হবে আরো ভয়ানক,” যোগ করেন তিনি।
শিশুর বই পড়ার অভ্যাস আর রুচি তৈরিতে স্কুল পাঠাগার বড় ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, “বৈচিত্র এবং বইয়ের সংখ্যা দুই দিক থেকেই স্কুল লাইব্রেরিগুলো আরো বেশি সমৃদ্ধ হওয়া উচিত।”
বইমেলাকে সামনে রেখে এবার মুহাম্মদ জাফর ইকবালের ছয়টি বই বাজারে এসেছে যার ৪টিই শিশু-কিশোরদের জন্য লেখা।
তাম্রলিপি এনেছে সায়েন্স ফিকশন ‘কেপলার টু টু বি’। সময় প্রকাশন থেকে বের হয়েছে কিশোর উপন্যাস ‘রুপ রুপালী’। পার্ল পাবলিকেশন্স এনেছে ‘রাতুলের রাত রাতুলের দিন’।
লেখকের কাছে বাচ্চাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে জাগৃতি প্রকাশন এনেছে ‘আরো প্রশ্ন আরো উত্তর’। অঙ্কুর প্রকাশন এনেছে কলাম সংকলন ‘বদনখানি মলিন হলে’। অনুপম প্রকাশনী এনেছে কিশোরদের উপযোগী নাটক সংকলন ‘কিশোর নাটকসমগ্র’।
প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের পরিচালক আব্দুল্লাহ নাসের বিডিনিউজকে বলেন, “গত কয়েক বছরে একুশে বইমেলার হুমায়ূন আহমেদের পরেই সবচেয়ে বেশি বই বিক্রি হয় মুহাম্মদ জাফর ইকবালের।”
শুক্রবার রাতে মেলার নজরুল মঞ্চের পেছনে বাঁধানো বেদিতে বসে শিশুদের অটোগ্রাফের আবদার মেটাতে মেটাতে মেলার পরিসর বাড়ানো প্রসঙ্গেও কথা বললেন তিনি।
“মেলার পরিসরটা বাড়ানো দরকার যাতে মানুষ বই দেখা ও কেনাকাটার সঙ্গে সঙ্গে একটু হাত পা ছড়িয়ে বসতে পারে, বাদাম খেতে পারে। তবে অবশ্যই হতে হবে সেটা বাংলা একাডেমীকে কেন্দ্রে রেখে। কারণ বইমেলার সঙ্গে একাডেমীর যে ইতিহাস জড়িয়ে গেছে সেটাকে কোনোভাবেই অগ্রাহ্য করা ঠিক হবে না।”
বইয়ের দাম পাঠকের নাগালের মধ্যে নেই উল্লেখ করে প্রকাশনা শিল্পে সরকারি সহযোগিতার প্রযোজন রয়েছে বলে মতামত দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
তিনি বলেন, “এই সহযোগিতা বিভিন্নভাবে হতে পারে। যেমন প্রকাশকরা যেন সুলভে এবং সহজে কাগজটা পেতে পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করা। স্কুল অন্যান্য সরকারি লাইব্রেরিগুলোর জন্য সরকারি উদ্যোগে লার্জ স্কেলে প্রতিবছর বই কেনার জন্য অর্থ বরাদ্দ করা।”
“আর তা হলে প্রকাশকরাও বিভিন্ন নিরীক্ষামূলক বই প্রকাশে উৎসাহী হবেন। ইচ্ছা থাকা সত্বেও লোকসানের ভয়ে অনেকে ভাল একটি বই প্রকাশের ব্যাপারেও পিছিয়ে আসেন। কিন্তু বিক্রির জায়গাটা নির্দিষ্ট থাকলে তাদের জন্য এই সাহস দেখানোটা সহজ হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/২১৪৯ ঘ.
bdnews24