২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রীর অজ্ঞাত চক্ষু রোগ

দিনাজপুর সদরে একটি বিয়ে বাড়িতে নারী ও শিশুসহ অন্তত একশ’ বরযাত্রী অজ্ঞাত চক্ষু রোগে আক্রান্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

দিনাজপুর, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদরে একটি বিয়ে বাড়িতে নারী ও শিশুসহ অন্তত একশ’ বরযাত্রী অজ্ঞাত চক্ষু রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার গভীর রাতে রানীগঞ্জের উত্তর মহেশপুর গ্রামে চোখের তীব্র প্রদাহে আক্রান্তদের শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিয়ে বাড়িতে বর ও কনেপক্ষের লোকজন থাকলেও আক্রান্ত হয়েছে শুধু বরপক্ষ। বর ও কনে সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ক্লিনিকের ডা. আনসার আলী এ ধরনের চোখের প্রদাহের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় বলে তিনি নিশ্চিত করেছেন। ডা. আনসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ২৪ বছর চিকিৎসা পেশা জীবনে এই প্রথম এ ধরনের রোগী পেলাম।” তবে উপসর্গ দেখে এটি সান বার্ন বা হিট বার্নের প্রভাব বলে ধারণা করছেন তিনি। তার ক্লিনিকে অন্তত ৮০ জন ভর্তি রয়েছেন। চিকিৎসা চলছে বলে তিনি জানান। শহরের বালুবাড়ির ওই ক্লিনিকে চিকিৎসাধীন শ্যামলী বণিক, অর্পনা বণিক, পিন্টু দত্ত, সুজন দত্ত, বিভা রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুত্রবার রাত ১০টায় ঠাকুরগাঁও থেকে প্রায় দেড়শ’ বরযাত্রী দিনাজপুরের সদরের রানীগঞ্জের উত্তর মহেশপুর গ্রামের রমাপদ বসাকের বাড়িতে তার মেয়ের বিয়েতে যায়। বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় রাত আড়াইটায় বরযাত্রীর প্রায় সবার চোখে তীব্র জ্বালা শুরু হয়। অসহ্য যন্ত্রণা বাড়তে থাকলে এই ক্লিনিকে ভর্তি হন তারা। তাদের চোখ লাল হয়ে ফুলে গেছে, পানি পড়ছে এবং তীব্র জ্বালা হচ্ছে। আক্রান্তদের কয়েকজনের অভিযোগ, মাঝ রাতে কনে পক্ষের কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে কিছু স্প্রে করার পর থেকেই চোখের যন্ত্রণা শুরু হয়। কনের বাবা রমাপদ বসাক এ নিয়ে কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/ডিডি/১৭৪০ ঘ.