লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনায় এই বাহিনীর নিজস্ব আইনে এই পর্যন্ত ৬ হাজার ৪৫ আসামির মধ্যে ৩ হাজার ৩৬ জনের সাজা হয়েছে। চার মাস থেকে সাত বছর সাজা হয়েছে তাদের।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ শুরু হয়, পরদিন ঘটে এর অবসান। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানেও জওয়ানরা বিদ্রোহ করে।
বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে মোট ৫৭টি মামলা হয়। এর মধ্যে ৫১টির বিচার শেষ হয়েছে।
পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় ফৌজদারি আইনে সাধারণ আদালতে বিচার চলছে।
বিদ্রোহের ঘটনায় ১১টি মামলা হয় ঢাকায়, আর ৪৬টি হয় ঢাকার বাইরে বিভিন্ন সেক্টরে। ঢাকার বাইরে ৪৬টি মামলায় অভিযুক্ত হন ১ হাজার ৯৫২ জন, ঢাকায় অভিযুক্ত হন ৪ হাজার ৯৩ জন।
ঢাকার বাইরের ৪৬টি মামলাসহ এই পর্যন্ত ৫১টি মামলার বিচার শেষ হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জানান। এসব মামলার তিন হাজার ১১৩ জন আসামির মধ্যে ৩ হাজার ৩৬ জনের সাজা হয়েছে। খালাস পেয়েছেন ৭৭ জন।
রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন এসেছে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বিদ্রোহের প্রায় নয় মাস পর বিডিআর আইনে বিদ্রোহের বিচারের জন্য ২০০৯ সালের ১৫ নভেম্বর ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। আসামির সংখ্যা বেশি হওয়ায় পরে আদালতের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়।
এই সব আদালতের মধ্যে পিলখানায় স্থাপন করা হয় দুটি এবং ঢাকার বাইরে আদালত বসানো হয় আটটি।
বিদ্রোহের মামলার প্রথম রায় ঘোষণা করা হয় ২০১০ সালের ২৪ নভেম্বর রাঙামাটির রাজনগরে। সর্বশেষ গত বছর ১২ সেপ্টেম্বর ঢাকার একটি মামলার রায় হয়।
ঢাকায় ১১টি মামলায় আসামির সংখ্যা ৪ হাজার ৯৩ জন। এর মধ্যে পাঁচটি মামলার বিচার শেষ হয়েছে, ছয়টি বিচারাধীন আছে। এই ছয়টি মামলায় আসামির সংখ্যা ২ হাজার ৯৩২ জন।
হত্যা মামলা
পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় ওই সময় একটি মামলা হয়। পরে মামলাটি স্থানান্তর হয় নিউমার্কেট থানায়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রায় ৫০০ দিন তদন্ত করে ২০১০ সালের ১২ জুলাই আদালতে দুটি অভিযোগপত্র জমা দেয়। এর একটি হত্যা এবং অপরটি অস্ত্র-বিস্ফোরক আইনে। দুটি মামলায় আসামির সংখ্যা হয় ৮২৪ জন।
এরপর সিআইডির আবেদনে আদালত ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি অধিকতর তদন্তের নির্দেশ দেন। নতুন করে তদন্তের পর ২১ মার্চ আরো ২৬ জনকে আসামির তালিকায় যোগ করা হয়। এতে আসামির সংখ্যা দাঁড়ায় ৮৫০ জন। আসামিদের মধ্যে ২১ জন পলাতক, দুজন মারা গেছেন।
বিডিআর সদস্যের বাইরে এই মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীকে আসামি করা হয়।
এর আগে মামলার তদন্ত পর্যায়ে ২ হাজার ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৩৯ জন বেসামরিক ব্যক্তি। আর অভিযোগ আনার পক্ষে তথ্য না পাওয়ায় ২ হাজার ৩০৭ জনের মধ্যে ১ হাজার ৫০৪ জনকে অব্যাহতি দেওয়া হয়।
বিডিআর বিদ্রোহ মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসসহ ৭ হাজার ৯৭৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এদের বেশিরভাগই র্যাব কর্মকর্তা, বিডিআর কর্মকর্তা, পুলিশ ও সেনা সদস্য।
এই মামলায় ২ হাজার ২০০ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ৯৫৬ জন।
মামলার মোট সাক্ষী ১ হাজার ৩৪৫ জন। তবে মামলা দ্রুত শেষ করতে সাক্ষীর সংখ্যা কমিয়ে আনার চিন্তা ভাবনা করছে প্রসিকিউশন পক্ষ।
আসামির সংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রীয় কারাগারের কাছে বকশীবাজারে আলীয়া মাদ্রাসা মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাস বসিয়ে এর বিচার চলছে।
২০১১ সালের ৫ জানুয়ারি হত্যামামলার বিচার শুরু হয়। গত ২২ ফেব্র“য়ারি পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৩০ ঘ.
bdnews24