ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়াঙ্গনের মানুষদের ঘর ছেড়ে মাঠে নামার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বললেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ক্রীড়াঙ্গনের উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন বর্তমান যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “কথাদিয়ে ক্রীড়াঙ্গন চলবে না। কাজ করেতে হবে। কারণ মানুষ এখন আর কথা শুনতে চায় না।”
খেলাধুলার মান হ্রাস এবং প্রতিভা অন্বেষণের বর্তমান কার্যক্রমে হতাশা প্রকাশ করেন মন্ত্রী বলেন, “ছত্রাকের মতো অনেক ফেডারেশন গজিয়ে উঠেছে। কিন্তু খেলাধুলার উন্নতি সেভাবে হয়নি। বিষয়টা ভাবনার। তাছাড়া বর্তমানে প্রতিভা বের করে আনার তেমন কোনো উদ্যোগ নেই বললেই চলে।”
“প্রশিক্ষণ কর্মসূচির কী অবস্থা আমি তা জানি না। তবে হাল দেখে বোঝা যাচ্ছে খুব একটা অগ্রগতি নেই। পাশ্ববর্তী দেশ শ্রীলঙ্কার অবস্থা একবার দেখুন, অ্যাথলেটিক্সে তাদের কতোটা উন্নতি হয়েছে, আর আমরা এখন কোথায়”, যোগ করেন তিনি।
কাদেরের মতে, বড় বড় ভবন নির্মাণ না করে খেলাধুলার পরিবেশ সৃষ্টির জন্য মাঠ তৈরিতে নজর দেওয়া উচিত।
এদিকে তিন দিনব্যাপী ৩৭তম জাতীয় অ্যাথলেটিক্সে ৫৫টি দল অংশ নিচ্ছে। অ্যাথলেট থাকছেন ৪৯২ জন। গত আসরে ৮০টি দল অংশ নিয়েছিলো।
এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো হ্যান্ড টাইমারের পরিবর্তে ইলেকট্রনিক টাইমার ব্যবহার করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএল/১৪০৬ ঘ.
bdnews24