২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগের প্রশ্ন নিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২০

গাইবান্ধার জেলা প্রশাসক বলছেন, কিছু লোক প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে এই কৌশল নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 04:26 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিক্রির নামে প্রতারণার অভিযোগে উত্তরাঞ্চলের চার জেলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টা থেকে দেশের ৬১টি জেলায় প্রায় ১০ লাখ ৪৫ হাজার ৯৩২ জন চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে প্রশ্নপত্রসহ ২০জনকে গ্রেপ্তারের পর সকালে পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখা যায় তা ভুয়া। গাইবান্ধার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখেছি, জব্দ করা প্রশ্নের সঙ্গে মিল নেই। কিছু লোক আসলে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে গত ২৭ জানুয়ারি খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তা বাতিল করা হয়। গাইবান্ধা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিক্রির খবরে বৃহস্পতিবার রাতে সাদুল্যাপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর হলেন- জয়েনপুর গ্রামের রফিকুল ইসলাম রিজু ও আরিফুল ইসলাম এবং হবিবুল্যাপুর গ্রামের কামরুল ইসলাম তালুকদার। সাদুল্যাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল গাইবান্ধা সড়কে তার দোকানে প্রশ্নপত্র ফটোকপি করে আরিফুল ও কামরুলের সহায়তায় চড়া দামে বিক্রি করছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পাওয়া যায়। এরপর পুলিশ রাত ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তিন সেটের ৬টি প্রশ্নপত্রসহ তাদের গ্রেপ্তার করে। পুলিশ সুপার মো. হেমায়েতুল ইসলাম বলেন, “পরীক্ষার প্রশ্নের সাথে না মিললেও প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চগড় বৃহস্পতিবার রাত ১২টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া রোডের একটি ফটোকপির দোকান থেকে নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পঞ্চগড়ের পুলিশ সুপার শাহারিয়ার রহমান জানান, একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে খবর পেয়ে পুলিশ খালেক সুপার মার্কেটের ওই দোকানে অভিযান চালায়। এ সময় চার সেট প্রশ্নসহ দোকান কর্মচারী মনিরকে গ্রেপ্তার করা হয়। “তবে সকালে পরীক্ষা শুরুর পর আসল প্রশ্নের সঙ্গে এর মিল পাইনি আমরা”, বলেন তিনি। তিনি জানান, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ও খোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক এসব প্রশ্ন ফটোকপি করতে দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে মনির। ওই দুই শিক্ষককেও ধরার চেষ্টা চলছে। কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষক নিয়োগের ভুয়া প্রশ্ন ফটোকপি করার সময় শুক্রবার ভোররাতে কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা থেকে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুস সাত্তার জানান, উপজেলার খড়িবাড়ী বাজারের একটি ফটোকপির দোকান থেকে শুক্রবার ভোর ৬টার দিকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর হলেন- ফুলবাড়ী উপজেলার বড়লই এলাকার প্রদীপ কুমার (৪০), হারুন অর রশীদ (৪০), ভাঙ্গামোড় আটিয়ামারীর আব্দুল হাকিম (৩৫), মমিনুল ইসলাম (৪০) ও নাজমুল হক (২৮), চন্দ্রখানা এলাকার খলিলুর রহমান (৩৫), বড়ভিটার আতাউর রহমান (৩০), নাগদহ গ্রামের জাহেদুল হক (৩৫) এবং কুড়িগ্রাম সদরের প্রসাদকালোয়া গ্রামের শফিকুল ইসলাম মিলন (৪০)। এছাড়া নাগেশ্বরী উপজেলা সদর থেকে গ্রেপ্তার হন মিজানুর রহমান (২৫) ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম (৩০)। পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, “পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে জব্দ করা প্রশ্ন মেলেনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাগেশ্বরী ও ফুলবাড়ি থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।” ঠাকুরগাঁও নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিক্রির খবরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার বিভিন্ন স্থানে মোটা টাকায় প্রশ্ন বিক্রির খবর পেয়ে রাতভর অভিযান চালায় পুলিশ। ভোর পৌনে ৪টার দিকে পীরগঞ্জ রেলক্রসিং এলাকায় একটি মাইক্রোবাসে প্রশ্নপত্র ও উত্তর সম্বলিত ছয় পাতার ফটোকপিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- হরিপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আলী আকবর, হরিপুর উপজেলার বকুয়া গ্রামের আনিসুজ্জামান শান্ত, সাদেক হোসেন, ভবানন্দপুর গ্রামের সোহাগ ও মাইক্রোবাসের চালক বেলাল। তবে শুক্রবার পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে উদ্ধার করা প্রশ্নের মিল পাওয়া যায়নি বলে এসআই রায়হান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিইউএইচ/জেকে/১৫৩৫ ঘ.