২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন মামুন

বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মামুনুর রশীদসহ নয় সাংবাদিককে পুরস্কৃত করেছে কানাডীয় হাইকমিশন এবং বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মামুনুর রশীদসহ নয় সাংবাদিককে পুরস্কৃত করেছে কানাডীয় হাইকমিশন এবং বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনজীবী ড. কামাল হোসেন ও কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেনের উপস্থিতিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও দশ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। বিসিডিজেসি সভাপতি নাঈমুল ইসলাম খান জানান, এবার পাঁচটি ক্যাটাগরিতে সংবাদপত্রের তিন জন, টেলিভিশনের তিন জন, সংবাদ সংস্থার এক জন, সংবাদপত্রে প্রকাশিক আলোকচিত্রের জন্য একজন এবং আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত সেরা প্রতিবেদনের জন্য একজনকে এবার ‘কানাডিয়ান অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম’ দেওয়া হয়েছে। ‘যৌন বাণিজ্যে ছেলেশিশুরাও’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সংবাদ সংস্থা ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমের প্রতিবেদক মামুনুর রশীদ। এ ছাড়া সংবাদপত্র ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের অভিজিত ভট্টাচার্য ও তৌফিক মারুফ এবং মানবজমিনের নাশরাত আর্শিয়ানা চৌধুরী। টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন এনটিভির রোকন উদ্দিন, দেশ টিভির নজরুল কবির ও এটিএন নিউজের মাহফুজা মুসলেহী। সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের কাজল হাজরা। যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সহ-সম্পাদক শাপলা রহমান আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত বছরের সেরা প্রতিবেদনের পুরস্কার জিতেছেন। এর বাইরে টেলিভিশনে প্রচারিত তিনটি প্রতিবেদনের জন্য এনটিভির ভিডিও চিত্রগ্রাহক জামাল হোসেন, অজিত হোসেন ও অজিত আইচ; দেশ টিভির উজ্জ্বল হোসেন ও এটিএন নিউজের ক্যামেরাম্যান সোহেল রানাকে সম্মাননা সনদ দেওয়া হয়েছে। অন্যদের মধ্যে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ জুড়ি বোর্ডের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৩৫৫ ঘ.