২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেষ্টা সাগর-রুনি হত্যার আসামি দ্রুত হাজিরে’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার আসামিদের ‘যত তাড়াতাড়ি সম্ভব হাজির’ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 06:49 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার আসামিদের ‘যত তাড়াতাড়ি সম্ভব হাজির’ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। তিনি বুধবার এক অনির্ধারিত ব্রিফিংয়ে বলেন, “আমরা নিবিড়ভাবে তদন্তে সম্পৃক্ত আছি এবং আমাদের আন্তরিকতা, ক্যাপাসিটি এবং যতো রিসোর্স আছে সবগুলো তদন্তে লাগাচ্ছি।” “যত তাড়াতাড়ি সম্ভব আসামিদের হাজির করার চেষ্টা করবো।” গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পুলিশ এখন পর্যন্ত খুনের কারণ কিংবা খুনি চিহ্নিত করতে পারেনি। খুনি গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের সময় বেঁধে দেওয়া প্রসঙ্গে মনিরুল বলেন, “আল্টিমেটাম না দিলেও চেষ্টার ঘাটতি নেই।” খুনি গ্রেপ্তারে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পর সাংবাদিকরা একই দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি এবং ১ মার্চ অনশন করার ঘোষণা দিয়েছেন। ‘কারণ ক্রমশ কমিয়ে আনা হয়েছে’ নিজ কার্যালয়ে বুধবারের অনির্ধারিত ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল জানান, খুনের ‘সম্ভাব্য কারণ’ ক্রমশ কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, “আগে আমরা সাত/আটটি কারণকে সামনে রেখে তদন্ত করছিলাম। নিশ্চিত হওয়ার পর এর মধ্যে বেশ ক’টি কারণ বাদ পড়েছে। ‍এখন আমরা ৩/৪টি কারণকে সামনে ধরে এগুচ্ছি। “এর মধ্যে ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের কারণে কেউ এই সাংবাদিক দম্পতির প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন হত্যাকাণ্ড করল কি না বা পেশাগত কাজের কারণে কোনো ব্যক্তি বা মহল তাদের প্রতি সংক্ষুব্ধ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।” “এছাড়াও আরো ২/৩টি কারণকে সামনে রেখে এগোচ্ছি,” যোগ করেন মনিরুল। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো ‘সুনির্দিষ্ট’ নয় বলে উল্লেখ করেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বাছাই করা কর্মকর্তারা এ তদন্তে নিয়োজিত জানিয়ে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, “আমরা তদন্তে সার্বক্ষণিক তদারকি রাখছি ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। এছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/০০৪৮ ঘ.