২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

যোগাযোগমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন রাজশাহী অঞ্চলের পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন রাজশাহী অঞ্চলের পরিবহন শ্রমিকরা। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি। তিনি সাংবাদিকদের বলেন, “আটটি দাবির মধ্যে চারটি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছি আমরা। এখন থেকে সব গাড়ি যথারীতি চলবে।” শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, সহজশর্তে লাইসেন্স নবায়নসহ আট দফা দাবিতে বুধবার সকাল থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করেন রাজশাহী বিভাগের ৮ জেলার শ্রমিকরা। বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবহন শ্রমিক নেতা ওসমান আলীসহ পরিবহন মালিক নেতারাও ছিলেন। ধর্মঘটের কারণে সকাল থেকে ওই জেলাগুলোতে কোনো বাস চলেনি। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ধর্মঘট ডাকার পক্ষে যুক্তি দেখিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেছিলেন, “বার বার আশ্বাস দিয়েও শ্রমিকদের দীর্ঘদিনের এসব দাবি পূরণ করা হয়নি। এ কারণে বুধবার থেকে ৭২ ঘণ্টার এই ধর্মঘট শুরু হয়েছে।” শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, নছিমন-করিমন চলাচল করা, নিয়ম ভেঙে যেসব শ্রমিক ইউনিয়নকে নিবন্ধন দেওয়া হয়েছে তা বাতিল করা এবং শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.