২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিবকে নির্যাতন: তদন্ত করবে মানবাধিকার কমিশন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনে পাঠিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনে পাঠিয়েছে হাই কোর্ট। এক মাসের মধ্যেই তদন্ত সম্পন্ন হবে বলে আদালত আশাবাদী। তবে কমিশন চাইলে সঠিক তদন্তের জন্য অতিরিক্ত সময় নিতে পারবে। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ ঘটনা তদন্তের জন্য পাঠায় কমিশনে। তদন্ত চলাকালে ওই ঘটনায় জড়িত পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) সোমেন বড়–য়া ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্তের নির্দেশও দেয় আদালত। একইসঙ্গে ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আশরাফুল আজিম মিয়া, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গুলশানের বাইরে বদলি করতে বলা হয়। ওসিকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে রাখতে বলা হলেও এসির ক্ষেত্রে এ ধরণের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আদালত বলেছে, এই বরখাস্ত বা বদলি ভবিষ্যতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ক্যারিয়ারে শাস্তি হিসাবে ধরা যাবে না। তদন্তকে নিষ্কণ্টক করতেই কেবল এই আদেশ দেওয়া হয়েছে। এদিন আশরাফুল আজিম, শাহ আলম, সোমেন বড়–য়া ও মোস্তাফিজুর আদালতে হাজির ছিলেন। আদালতের সোমবার দেওয়া নির্দেশ অনুযায়ী তারা আদালতে হাজির হন। রাকিবের পরিবারের অভিযোগ, গত ১০ ফেব্র“য়ারি বিনা অপরাধে রাকিবকে গুলশান থানায় তিন ঘণ্টা আটকে রেখে তার ওপর নির্যাতন করা হয়। এ লেভেলের ছাত্র ১৯ বছর বয়সী রাকিব তারপর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে ১২ ফেব্র“য়ারি একটি দৈনিকে ‘তাজউদ্দিনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে তা নিয়ে সারাদেশে আলোচনা শুরু হয়। সেদিনই আইনজীবী শম রেজাউল করিম বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি পাঁচ পুলিশ কর্মকর্তাকে তলব করে। আদেশের আগে রাকিবের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন, অ্যাডভোকেট শম রেজাউল করিম, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান এবং রাকিবের বাবা মোস্তাক হোসেনও বক্তব্য দেন। পুলিশের এসি ও ওসির পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও দুই এসআই’র পক্ষে ব্যারিস্টার মোতাহার হোসেন শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। এ সময় আদালতে তাজউদ্দিনের মেয়ে ও রাকিবের মা সিমিন হোসেন রিমিও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮১০ ঘ.