বেনাপোল, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রপথে অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার চেষ্টা করতে গিয়ে ভারতীয় কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছিলেন তারা। আন্দামান দ্বীপের কারাগারে সাড়ে তিন বছর কাটানোর পর দেশে ফিরেছেন সেই ৫৪ বাংলাদেশি।
ভারতীয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
কক্সবাজারের শুক্কুর আলী বেনাপোল চেকপোস্টে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালয়শিয়া যাওয়ার জন্য ২০০৯ সালে ইমান, শরিফ ও করিম গাজী নামের তিন দালালকে ২৫ হাজার টাকা দেন তিনি। তাদের মাধ্যমেই ট্রলারে করে কক্সবাজার থেকে রওনা হওয়ার পর ইন্দোনেশিয়ার রনড’স দ্বীপের কাছে স্থানীয় নেভি পুলিশের হাতে ধরা পড়েন তারা।
“তারা একটি পাহাড়ে নিয়ে আমাদের বিবস্ত্র করে নির্যাতন চালায়। এরপর নৌকার ইঞ্জিন খুলে আমাদের সমুদ্রে ছেড়ে দেয়। দুদিন পর ভারতের আন্দামান কোস্টগার্ডের সদস্যরা আমাদের আটক করে”, বলেন শুক্কুর।
বেনাপোল চেকপোস্টে বিজিবির ইনচার্জ ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বাংলাদেশিরা ইতোমধ্যে সাড়ে ৩ বছর জেল খেটেছেন। দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতেই ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের হস্তান্তর করেছে।
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরে আসা এই বাংলাদেশিদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। কিছু আইনি প্রক্রিয়া শেষে তাদের যার যার গন্তব্যে ফেরত পাঠানো হবে।
ফিরে আসা অন্যরা হলেন- নূর হোসেন, জলিল, ইসমাইল, জাহাঙ্গীর, ফারুক, আশা, হাসান, জাকির, উসমান, মায়া, আব্দুল¬াহ, আমিন, ফরিদুল, আবুল, ফয়েজ, বদিউল আলম, আজিজুল, এরশাদ, রিজিউন, মহসিন, নাসিম, আবুল, শুকুর, নূর হক, কাশেম, বাশার, নুরুদ্দিন, সোহেল, তয়েব, নাসির আলী, নূর বক্স, কাফিউল¬াহ, আকবার, নাসির উদ্দিন, মুস্তাক, আহম্মেদ, সৈয়দ আহম্মদ, সুলতান, সালাম, ইলিয়াস, ইসলাম, সফি, আলম, নূর মোহাম্মদ, হুসাইন, জামাল, হোসেন, কামাল, জাফর, খাইরুল, মেহেদী, বাশার, আহম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১১২০ ঘ.
bdnews24