পটুয়াখালী, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর মীর্জাগঞ্জে এক পরিবারের সদস্যদের মারধরের পর বাড়ির মূল দরজায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম ওরফে মিলু প্রফেসর বিরোধের বিষয়টি স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গাবুয়া গ্রামে ওই ঘটনার পর জেলা মানবাধিকার কমিশনের কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ওই বাড়ির মালিক কৃষক হাবিবুর রহমান নিখোঁজ রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার মেয়ে ও চান্দখালী আলহাজ মোশারেফ হোসেন ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রী লায়লা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিলু প্রফেসর বৃহস্পতিবার তার সহযোগীদের নিয়ে বাড়ির একটি রেইনট্রি গাছ কাটতে আসে। এ সময় হাবিবের স্ত্রী রেহানা বেগম এবং দুই মেয়ে তাদের বাধা দিতে গেলে তাদের পিটিয়ে আহত করে মিলুর লোকজন। পরে তারা বাড়ির সামনের ঘরে তালা মেরে দেয়।
“মিলু প্রফেসর বলে গেছে, এটা নাকি আমাদের প্রথম পানিশমেন্ট। বলছে- ‘বাড়ির সামনের দরজায় তালা দিলাম। পিছন দিয়ে চলাচল করবি, সামনে বের হবি না। বেশি বাড়াবাড়ি করলে পেছনের দরজাতেও তালা দেবো। থানায় গেলেও কোনো কাজ হবে না’”, বলেন লায়লা।
তিনি জানান, ঘটনার পর থেকেই তার বাবা ‘নিখোঁজ’ রয়েছেন। ভয়ে তারা থানায় যেতে পারছেন না। মিলুর লোকজন হাবিবকে কোথাও আটকে রেখেছে বলেই লায়লার ধারণা।
তবে হাবিবকে আটকে রাখার বা তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল ইসলাম ওরফে মিলু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভাই, এই বিষয়ে কিছু লিখবেন না।”
তবে হাবিবের পরিবারের সঙ্গে বিরোধের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সালিশ বৈঠকের পর তিনি হাবিবের বাড়িতে একটি গাছ কাটতে গেলে বাড়ির তিন মহিলা দা নিয়ে তাদের দিকে তেড়ে যান। তারপরও গাছ কেটে নিয়ে এসেছেন বলে জানান মিলু।
বাড়ির সামনের ঘরে তালা লাগানোর বিষয়টিও অস্বীকার করেন তিনি।
পাল্টা অভিযোগে মিলু বলেন, হাবিবের পরিবার তার মান-সম্মান ক্ষুণœ করার চেষ্টা চালাচ্ছে। এতে তার রাজনৈতিক প্রতিপক্ষের হাত রয়েছে বলেও দাবি করেন তিনি।
মানবাধিকার কমিশনের পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মোল্লা নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের চার সদস্যের একটি দল সোমবার দুপুরে হাবিবের বাড়িতে গিয়ে সামনের ঘর তালাবন্ধ দেখতে পায়। তবে খোলা জানালা দিয়ে হাবিবের দুই মেয়ে লাকি ও লায়লার সঙ্গে তাদের কথা হয়েছে।
এ সময় হাবিবের খোঁজ করে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন নাসির উদ্দিন।
মীর্জাগঞ্জ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাছ কাটার সময় হাবিবের পরিবার বাধা দিচ্ছে বলে মিলু ভাই আমাকে ফোনে জানিয়েছিলো। আমি তখন ঢাকায় ছিলাম। এ কারণে পুলিশ পাঠাই। তারা গিয়ে কোনো মারামারি দেখে নাই।”
হাবিবের ‘নিখোঁজ’ হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আছে হয়তো কোথাও। ফিরে আসবে।”
দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাবিব গরিব মানুষ আর মিলু প্রফেসর টাকা ও ক্ষমতাওয়ালা লোক। আমি এখন ঢাকায়। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১০৫০ ঘ.
bdnews24