২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত ভিড়, তবুও আনন্দ

যারা শহীদ মিনারে গিয়েছিলেন তাদের প্রায় সবাই একবার ঢু মেরেছেন বইমেলায়। এরপর ছুটির এই দিনের বিকালে মেলা প্রাঙ্গণ আক্ষরিক অর্থেই জনসমুদ্রে রূপ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

মামুনূর রশীদ ও আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলার পুকুর পাড় এলাকায় ভিড়ের চাপে হাঁটতে পারছিলেন না মধ্যবয়সি ওলিউল হক। তার ইচ্ছা ছিল প্রিয় লেখকের কিছু বই কেনা, কিন্তু ভিড়ের কারণে স্টলগুলোতে বই দেখাও দায়। তবে এরপরও তার উক্তি- “এ দিনে এখানে না এলে দিনটা পুরো মাটি হয়ে যেত।” মঙ্গলবার একুশে ফেব্রুয়ারিতে মেলায় যারা গেছেন, তাদের সবারই অনুভূতি ছিল এরকমই। প্রচণ্ড ভিড় বইমেলা রূপ নিয়েছিল জনসমুদ্রে। তবে তারপরও ঢোকার লাইন থামছিল না। একুশে ফেব্রুয়ারিতে মেলা খোলা থাকে সকাল থেকেই। তাই যারা শহীদ মিনারে যান, একবার ঢু মেরে যান মেলায়। এরপর ছুটির এই দিনে বিকালে মেলাপ্রাঙ্গণে আর দাঁড়ানোর স্থান ছিল না। মেলায় ঢোকার জন্য মানুষের লাইন একদিকে শাহবাগ আর অন্যদিকে কার্জন হল ছাড়িয়ে যায়। প্রথম দিকে দুই পাশের দুটি করে চারটি আর্চওয়ের ভিতর দিয়ে মানুষ ঢুকতে থাকলেও ভিড়ের চাপে বিকালে এই নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়ে। ভাষা শহীদদের জন্য শোক নিয়ে বইমেলার এই দিনে বড়দের গায়ে কালো পোশাকের প্রাধান্য ছিল অনেক বেশি। অন্যদিকে লাল-সবুজ আর বিচিত্র রঙের পোশাকে বর্ণিল ছিল অধিকাংশ শিশু। সরকারি একটি ব্যাংকের কর্মকর্তা খন্দকার মাহাবুবুল ইসলাম মেলায় এসেছিলেন তার দুই মেয়েকে নিয়ে। বিকাল ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শাহবাগ থেকে লাইন ধরে মেলার মূল গেট পর্যন্ত আসতে এক ঘণ্টার বেশি লেগেছে। জানতাম এরকম ভিড়ই হবে। কিন্তু এই দিনে ঘরে বসে থাকার কোনো অর্থই হয় না।” প্রকাশনা সংস্থা অন্বেষার কর্ণধার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “প্রতিবারই এ দিনটিতে প্রচুর ভিড় হয়। তবে ভিড় অনুপাতে বিক্রি কম হবে, এটা আগে থেকেই জানা। কারণ আজকের দিনে বই কেনার চেয়ে মানুষ বেড়াতেই আসেই বেশি।” তবে এই প্রবণতাকে মেনে নিয়ে ঐতিহ্য প্রকাশের প্রতিনিধি মিছিল খন্দকার বলেন, “ভিড় অনুপাতে বিক্রি কিছুটা কম হলেও আমরা সন্তুষ্ট। আর এদিনে অনেকেই বেড়াতে আসবেন, এটাই স্বাভাবিক।” তবে অন্য প্রকাশের বিক্রয় প্রতিনিধি মোজাম্মেল হক শিশির বলেন, “সকাল থেকে স্টলের চারটি কাউন্টার সামলাতে আমরা হিমসিম খাচ্ছি।” মেলায় ভিড় বিকালে বেশি হলেও সকাল থেকেই জমজমাট ছিল দক্ষিণ পাশের লিটল ম্যাগ চত্বর। মেলার মূল প্রাঙ্গণ থেকে বর্ধমান ভবনের পাশ দিয়ে ছোট্ট সরু গলির মতো জায়গা দিয়ে ঢুকতেই নজরে পড়বে বিশাল এক বহেরা গাছ। আর এ বহেড়া গাছকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘রবীন্দ্রনাথ ঠাকুর চত্বর’, তবে তা পরিচিত ‘লিটল ম্যাগ চত্বর’ নামেই। সেখানে বহেরা গাছের নিচে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফারহানা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক ভিড়। ভেবেছিলাম বই কিনব, কিন্তু সে সুযোগ আজ হচ্ছে না। তাই পুরনো বন্ধু পেয়ে কথা বলছিলাম।” ক্ষুদে পাঠক ফারহা তামিয়া একটি রূপকথার বই দেখিয়ে বললো, “এটি কিনেছি। তবে অনেক ভিড়, হাঁটতে কষ্ট হচ্ছে।” বই প্রকাশে রেকর্ড এবারের বইমেলায় প্রথম তিন সপ্তাহে বই প্রকাশের নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমী। প্রতিষ্ঠানের সমন্বয় ও জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ২ হাজার ৭৯২টি। এর আগে, ২০১১ সালে প্রথম তিন সপ্তাহে মোট বই প্রকাশিত হয়েছিল ২ হাজার ২৭৩টি, ২০১০ সালে ২ হাজার ৬৩০টি, ২০০৯ সালে ২ হাজার ১১৯টি, ২০০৮ সালে ১ হাজার ৯৫৫টি, ২০০৭ সালে ১ হাজার ৪৬৪টি এবং ২০০৬ সালে ১ হাজার ৬৬০টি। এই বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই, ৬০০টি। এছাড়া গল্প ৩০৯, উপন্যাস ৪৪১, প্রবন্ধ ২০০, গবেষণা ৭৮, ছড়া ১০৩, শিশুসাহিত্য ১২১, জীবনী ৯১, রচনাবলি ৮, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ৭৪, নাটক ২৫, বিজ্ঞান ৬২, ভ্রমণ ৪৯, ইতিহাস ৩৮, রাজনীতি ২৩, স্বাস্থ্য ৩২, কম্পিউটার ৫, রম্যরচনা ১০০, ধর্মীয় ২০, অনুবাদ ৫৪, অভিধান ১, বৈজ্ঞানিক কল্পকাহিনী ৩৩ এবং অন্যান্য বিষয়ের ৩২৫টি বই প্রকাশিত হয়েছে। ২১ ফেব্রুয়ারিতে মেলায় এসেছে ২৫৫টি, যা একদিনের বিচারে এবারের বইমেলায় সর্বোচ্চ। এর মধ্যে গল্প ২৬, উপন্যাস ৩২, প্রবন্ধ ১৫, কবিতা ৫৩, গবেষণা ১৮, ছড়া ১২, শিশুতোষ ১৭, জীবনী ১২, রচনাবলি ২, ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ ৭, নাটক ৩, বিজ্ঞান ৯, ভ্রমণ ৩, ইতিহাস ৩, রাজনীতি ৩, স্বাস্থ্য ৩, কম্পিউটার ২, রম্যরচনা ৮, ধর্মীয় ৫, অনুবাদ ৬, সায়েন্স ফিকশন ৫ ও অন্যান্য বিষয়ক ১১টি নতুন বই এসেছে। হুমায়ূন আহমেদের নতুন বই মঙ্গলবার প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য মেলায় এনেছে হুমায়ূন আহমেদের বাছাই করা ২৫টি ছোট গল্প নিয়ে সঙ্কলন ‘বাছাই গল্প’। গল্পগুলোর মধ্যে রয়েছে নন্দিনী, এই সব দিনরাত্রি, ১৯৭১, খেলা, শিকার, অতিথি, সাদা গাড়ি, একজন সুখী মানুষ, জলিল সাহেবের পিটিশন, শীত, সুখ অসুখ, রূপা, অয়োময়, খাদক, জনক, একটি নীল বোতাম, চোর, মন্ত্রীর হেলিকপ্টার, অচিন বৃক্ষ, পিশাচ, গুণীন, অহক, আজ দুপুরে তোমায় নিমন্ত্রণ, আলাউদ্দিনের ফাঁসি ও ভুত। বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক সালেহ চৌধুরী, প্রচ্ছদ এঁকেছেন মাসুম রহমান। বইটির দাম ৩৭৫ টাকা। মোড়ক উন্মোচন নজরুল মঞ্চে এদিন মোট ২৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে অধ্যাপক আনিসুজ্জামান উন্মোচন করেন দুটি বইয়ের মোড়ক। বাকি বইগুলোর মোড়ক উন্মোচন করেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন মামুনূর রশিদ, কবি মুহম্মদ সামাদ প্রমুখ। মূল মঞ্চের আয়োজন সকালে মেলার মূলমঞ্চে স্বরচিত কবিতা পাঠের আসর দিয়ে শুরু হয় একুশের আয়োজন। কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন যথাক্রমে কবি হাবীবুল্লাহ সিরাজী ও কবি কামাল চৌধুরী। বিকালে হাসান আজিজুল হক রচিত ‘বাংলাভাষার কথ্য-লেখ্য সাধু-চলিতের বিভ্রাট : বাংলা একাডেমীর হস্তক্ষেপ, পদক্ষেপ’ শীর্ষক অমর একুশে স্মারক বক্তৃতা লেখকের পক্ষে পাঠ করেন বাংলা একাডেমীর কর্মকর্তা সায়েরা হাবীব। বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আনিসুজ্জামান বলেন, “বাংলা ভাষায় বহমান বৈচিত্র্যের ধারা আসলে এর অন্তর্গত বৈভব। ভাষার বৈচিত্র্য বাঙালিকে বিভক্ত করেনি যদিও হাল আমলে কোনো কোনো গোষ্ঠী প্রমিত ও কথ্য রীতির বাংলার মধ্যে বিভাজন টানার চেষ্টা করেন। বিষয়টি কৃত্রিম ও উদ্দেশ্যযুক্ত। বাংলা একাডেমী প্রমিত বাংলা ব্যাকরণ প্রণয়ন করে হয়তো ভাষা-বিতর্ক ও নৈরাজ্যের অবসান সম্পূর্ণরূপে ঘটাবে না। কিন্তু জাতিকে এ বিষয়ে একটি দিকনির্দেশনা প্রদান করবে অবশ্যই।” সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা, মলয় কুমার গাঙ্গুলী, ফকির আলমগীর, নমিতা ঘোষ, মাহমুদুজ্জামান বাবু, মহাদেব ঘোষ, শেখ জমিরউদ্দিন, রাজিয়া সুলতানা মুন্নী, শিবু রায়, কফিল আহমেদ, মো. হাসানুল সাওদাত প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এমআই/২৩১৩ ঘ.