২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

নরসিংদী সদরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

নরসিংদী, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শাহেপ্রতাব আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের এক জন হলেন বাসচালকের সহকারী শ্যামল। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। ট্রাফিক পুলিশের উপপরিদর্শক আব্দুর রব সাংবাদিকদের বলেন, শিবপুরগামী ট্রাকটির সঙ্গে ভৈরব থেকে মহাখালীগামী চলনবিল পরিবহনের যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই শ্যামলসহ অন্য দুজনের মৃত্যু হয় বলে তিনি জানান। আহতদের সাত জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাকিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গাজীপুরে দুর্ঘটনায় নিহত ১ সদর উপজেলার পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহত মারিগন সালবেস (৬৫) ঢাকার তেজগাঁও এলাকার সেলাষ্টিনগন সালবেসের স্ত্রী। আহত কনি (৩৫) ও শ্রাবণীকে (১৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির উপপরিদর্শক মো. রাব্বানী জানান, ঢাকার আড়ংয়ের কয়েকজন কর্মকর্তা পরিবার নিয়ে গাজীপুরের শালনা এলাকার তেপান্তর রিসোর্টে পিকনিকে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তাদের মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী পিক-আপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মারিগন ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচ জনও মাইক্রোবাসেরই যাত্রী। পুলিশ পিক-আপ ভ্যানটি আটক করলেও এর চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০২৫ ঘ.