নরসিংদী, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীসহ আশপাশের এলাকায় সরবরাহ লাইনে গ্যাসের চাপ বাড়াতে ২০ ইঞ্চি ব্যাসের নতুন একটি বিতরণ পাইপলাইন তৈরির শুরু করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যাণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।
নরসিংদীর মনোহরদী থেকে স্থানীয় ভালভ স্টেশন-১২ পর্যন্ত ২৫ কিলোমিটার দূরত্বের এ বিতরণ লাইনের নির্মাণ কাজ বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
এ উপলক্ষে মনোহরদীদের আয়োজিত এক অনুষ্ঠানে টিজিটিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খান জানান, আগামী তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি নয় লাখ ৬৪ হাজার টাকা। টিজিটিডিসিএল এর নিজস্ব অর্থায়নে এ কাজ হচ্ছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে নরসিংদী ভালভ স্টেশন থেকে দৈনিক ৩৭৫ এমএমসিএফ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
এর ফলে ঘোড়াশাল, নরসিংদী, নারায়নগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও মুন্সীগঞ্জের সার, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা উপকৃত হবে। পাশাপাশি রাজধানীসহ এর আশাপাশের এলাকায়ও কিছুটা গ্যাসের চাপ বাড়বে।
নতুন এই পাইপলাইন নির্মাণ হলে সিদ্ধিরগঞ্জে প্রস্তাবিত ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহও সম্ভব হবে বলে জানান তিনি।
বর্তমানে নরসিংদীতে ২০ ইঞ্চি ব্যাসের ৬৫০ থেকে ৭৫০ পিএসআইজি পাইপলাইন রয়েছে, এই লাইন দিয়ে দৈনিক ৩০০ থেকে ৩৫০ এমএমসিএফ গ্যাস সরবরাহ হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পেট্টোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৬১৮ ঘ.
bdnews24