গোপালগঞ্জ, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার অভিযোগে গোপালগঞ্জে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
রোববার জেলা শহরের বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের পিকআপ, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাস ভাংচুর ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বেলা ২টার দিকে জেলা প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনা তদন্তে অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. মতিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন এবং পরীক্ষার্থী আরছালিন বলেন, এ কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষা শুরুর ১০ মিনিট পর খাতা দেওয়া হয়। আর শেষ ঘণ্টা বাজার আগেই সৃজনশীল অংশের খাতা নিয়ে যান দায়িত্ব পালনকারী শিক্ষকরা।
তারা বলেন, এমসিকিউ অংশের পরীক্ষা ১২টা ২০ মিনিটে শুরু হয়। খাতা নেওয়ার কথা ১২টা ৫৫ মিনিটে। কিন্তু কেন্দ্র সুপার মনিরুল ইসলাম এবং ২০১ নম্বর কক্ষের শিক্ষক আজহারুল ইসলাম ১০ মিনিট আগে ১২টা ৪৫ মিনিটে খাতা নেওয়া শুরু করেন। তিনি শিক্ষার্থীদের গালমন্দও করেন।
এতে পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হলের বেঞ্চ, জানালার কাচ ভাংচুর করে। পরে কেন্দ্র থেকে বের হয়ে স্কুল গেট ও ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
পুলিশ বাধা দিলে এক পর্যায়ে পরীক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
ওসি বলেন, বীণাপানি স্কুল, পাবলিক হল রোড, মডেল স্কুল রোড, বঙ্গবন্ধু সড়ক, প্রেসক্লাব, বঙ্গবন্ধু কলেজ, পোস্ট অফিস মোড়, ডিসি অফিস এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সময় পুলিশের ২টি পিকআপ, ২টি মোটরসাইকেল ও একটি বাস আংচুর হয়।
ওসি আরো বলেন, সংঘর্ষে সদর থানার ওসি (তদন্ত) কাজী মতিয়ার রহমান (৫২), পুলিশের পিকআপ চালক আব্দুর রহিম (৫০), কনস্টেবল ইব্রাহিম মিয়া (৩৬), হাবিব মুন্সি (৩৬), বীণাপনি স্কুলের গার্ড রবিউল ইসলাম (৩০) আহত হন।
গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহামুদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল খায়ের, এএসপি সার্কেল মো. সাখাওয়াত হোসেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান সরিয়ে নেয়।
বীণাপানি স্কুল কেন্দ্রের হল সুপার মো. মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান বিভাগ সৃজনশীল ও এমসিকিউ পর্বে ১২টা ৪৫মি. পর্যন্ত এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ১২টা ৫৫মি. পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বিজ্ঞান বিভাগের খাতা ১২টা ৪৫ মিনিটে নেওয়া হয়েছে।
এছাড়া তিনি পরীক্ষার্থীদের গালমন্দ করেননি বলেও জানান।
কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে দায়িত্ব পালনকারী শিক্ষক আজহারুল ইসলাম বলেন, বিজ্ঞান শাখার জন্য পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পরই ১২টা ৪৫মিনিটে খাতা নেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহামুদ হোসেন বলেন, পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. মতিউর রহমানকে প্রধান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল খায়ের এবং এএসপি সার্কেলকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24