শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীর উপর হামলার মামলায় এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর আড়াইটায় দিকে নগরীর মদীনা মার্কেটের নবাবী মসজিদ এলাকা থেকে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
জালালাবাদ থানার ওসি মো. সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোরহান উদ্দিন ছাত্রলীগকর্মীর উপর হামলার মামলার এজহারভুক্ত আসামি এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ছাত্র।
তিনি বলেন, গত ১৬ জানুয়ারি শিবিরের ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের অদূরে কুমার গাঁয়ের জাঙ্গাল এলাকায় ছাত্রলীগকর্মী বদরুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে শিবির সমর্থকরা কুপিয়ে আহত করে।
ওই ঘটনায় পরদিন বদরুল ইসলাম বাদী হয়ে নগরীর জালালাবাদ থানায় মামলা করেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারের খবর শুনেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।”
শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি আ. জ. ম. মুজাহিদ রুমী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে সমঝোতা করে মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আমাদের হয়রানি করলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৪ ঘ.
bdnews24