২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: গুলিতে নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র দুই সহোদর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

কুমিল্লা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র দুই সহোদর। রোববার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ধর্মসাগর এলাকায় এ ঘটনায় নিহত হাবিব (১৯) মুরাদপুরের নজির আহমেদের ছেলে। আহতরা হলেন ধর্মসাগর পাড়ের মুক্তিযোদ্ধা শহিদুল হক সেলিমের ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র আরিফ সেলিম ওপেল (২২) এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র আতিক সেলিম রুবেল (২০)। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রতিপক্ষ বাহাউদ্দিন রেজার দাবি, তিনিসহ তাদের পক্ষের তিনজন আহত হয়েছেন। এলাকাবাসী জানায়, কুমিল্লার ধর্মসাগর পাড়ে ইজারা নেওয়া সরকারি সম্পত্তি নিয়ে দুই মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম ও বাহাউদ্দিন রেজার বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। আহত আরিফ সেলিম ওপেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তার মা তাকে বলেন- তাদের বাড়ির দুই দরজায় তালা দিয়ে পাশের দেওয়াল ভেঙে ফেলছে প্রতিপক্ষের লোকজন। এরপর সেখানে গেলে কিছু বুঝে ওঠার আগে বাহাউদ্দিন রেজার লোকজন তার মাথায় রড দিয়ে বাড়ি দেয়। এ সময় তারা গুলিও করে। বাহা উদ্দিন রেজা নিজেও গুলি চালান বলে ওপেল অভিযোগ করেন। তিনি বলেন, তার সঙ্গে থাকা বন্ধু হাবিবের মাথায় এবং তার ভাই রুবেলের পায়ে গুলিবিদ্ধ হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়। এদিকে বাহাউদ্দিন রেজা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিমের ছেলেরাই লোকজন নিয়ে হামলা চালিয়েছে। হামলায় তিনি নিজে, তার ছেলে বিশাল এবং ভাই হারুন রেজা আহত হন। তিনি নিজে কুমিল্লায় চিকিৎসা নেন। অপর দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৩ ঘ.