২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সরছে মিরপুর মুরগির খামার

বার্ড ফ্লুর মতো রোগ চিড়িয়াখানার পশু-পাখীদের মধ্যে সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিয়েছে সরকার। মহসীনুল করিমের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 04:47 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর চিড়িয়াখানাকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে ওই এলাকা থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মুরগির খামারটি সাভারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খামারের জন্য সাভার এলাকায় জমি খুঁজতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরবাসীর চিত্ত-বিনোদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ঢাকার মিরপুর চিড়িয়াখানাটি এ খামারের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। “চিড়িয়াখানায় অনেক পশু-পাখি রয়েছে। চিড়িয়াখানা সংলগ্ন এই খামারে কয়েক বছরে একাধিকবার বার্ড ফ্লু’র সংক্রমণ হয়েছে। এতে চিড়িয়াখানার অত্যন্ত মূল্যবান পশু-পাখিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থা থেকে চিড়িয়াখানাকে রক্ষায় খামারটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” বলেন তিনি। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী এবং খামার প্রধানকে এ জন্য সাভার এলাকায় জমি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। খামারের প্রধান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক কালিদাস সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হলেও এখনো তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। “এ বিষয়ে এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি,” বলেন তিনি। এই কর্মকর্তা জানান, অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নিয়ে গড়ে তোলা এ খামারে বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়া জমিও রয়েছে প্রায় ২০০ কোটি টাকার। খামারটি স্থানান্তর করতে সরকারের প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার প্রয়োজন হবে। চিড়িয়াখানা ঘেঁষা মিরপুর খামারটি ২১ একর সরকারি জমির ওপর গড়ে তোলা হয়। জাতিসংঘ খাদ্য কর্মসূচির (ইউএনএফপি) অর্থায়নে ১৯৭৬ সালে খামারটি গড়ে ওঠে। মিরপুর খামারে বছরে প্রায় ১৮ লাখ মুরগির বাচ্চা পালনের সুযোগ রয়েছে। প্রায় ১৯ হাজার মুরগি লেয়ার (মা মুরগি) করা যায়। যথাযথ ব্যবহার হলে এ খামার থেকে প্রতি বছর ৪৫ লাখ ডিম পাওয়া সম্ভব। “কিন্তু বর্তমানে বছরে মাত্র সাত লাখ মুরগির বাচ্চা পালন হচ্ছে। ডিমও পাওয়া যায় মাত্র সাত লাখ। গড়ে উৎপাদন হচ্ছে ক্ষমতার মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ,” বলেন কালিদাস সরকার। যথাযথ অর্থায়ন না হওয়ায় খামারটি পুরো সচল করা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এটিকে পুরো ক্ষমতায় চালু করতে বছরে প্রায় সাড়ে তিন কোটি টাকার প্রয়োজন। কিন্তু বছরে সরকারি বরাদ্দ থাকে মাত্র ৬০ থেকে ৭০ লাখ টাকা। সেকারণে বাণিজ্যিকভাবে এটিকে কাজে লাগানো যাচ্ছে না। তবে প্রতি বছরই এ খামারে মুরগির রোগ-বালাই দেখা দেওয়া চিড়িয়াখানার জন্য ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করেন কালিদাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এমআই/১০৪০ ঘ.