ঝিনাইদহ , ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরাচালানের মাধ্যমে এয়ারগান তৈরির সরঞ্জাম আনার অভিযোগে ঝিনাইদহ শহর থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে পুলিশ লাইনের সামনে এ অভিযান চালানো হয়।
আটক হয়েছেন যশোরের চৌগাছা উপজেলার বড়বিলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক ও আন্দুলিয়া গ্রামের সাইদুল ইসলাম।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, চোরাপথে ভারত থেকে এসব সরঞ্জাম এনে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ লাইনের সামনে ট্রাকটি আটক করা হয়।
“পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২০টি এয়ারগান তৈরির সরঞ্জাম পাওয়া যায়,” বলেন তিনি।
তিনি বলেন, এয়ারগান তৈরির সরঞ্জাম হলেও এগুলোর কাঠামোগত কিছু পরিবর্তন করে টু-টু বোর রাইফেলে রূপান্তরিত করা যায়।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১১ ঘ.
bdnews24