২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালবিরোধী বক্তব্য দিলেও ব্যবস্থা: মন্ত্রী

যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদে প্রস্তাব পাসের পরদিন এ কথা বললেন আইনমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা ‘অকারণে’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরোধিতা করে বক্তব্য দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদে প্রস্তাব পাসের পরদিন এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শুক্রবার সকালে এশিয়াটিক সোসাইটির এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যারা বিনা কারণে ‘এ বিচার মানি না, এ ট্রাইবুনাল মানি না’ ধরনের বক্তব্য প্রদান করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” “কারণ এ ধরনের মন্তব্যও যুদ্ধপরাধীদের বিচারকাজে বাধা দেওয়ার সামিল”, বলেন মন্ত্রী। শুক্রবার জাতীয় সংসদে ব্যাপক নাটকীয়তার মধ্যে একটি সিদ্ধান্ত প্রস্তাব পাস হয়, যার ভিত্তিতে যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন তৈরি করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর জন্য তিন বছর আগেও এরকম আরেকটি প্রস্তাব পাস হয়েছিল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ ছয় নেতা এবং বিএনপির এক সংসদ সদস্যসহ দুই নেতার বিচার চলছে। এই বিচারে বাধা দেওয়ার ষড়যন্ত্রের কথা ক্ষমতাসীন দলের নেতারা আগে থেকে বলে আসছেন। আর তাদের অভিযোগের তীর বিএনপি ও জামায়াতের দিকে। সকালে ইতিহাস একাডেমী আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “যুদ্ধপরাধীদের খুন, ধর্ষণ, নারী নির্যাতন যেমন ইতিহাসের অংশ হয়ে আছে, তেমনি তাদের বিচার করে শাস্তি নিশ্চিত করাও ইতিহাসের অংশ হবে।” যুদ্ধাপরাধের বিচারের নামে ‘ধর্মীয় নেতাদের গ্রেপ্তার ও বিচার করা হচ্ছে’- মধ্যপ্রাচ্যভিত্তিক আলজাজিরা টেলিভিশনে প্রচারিত এমন একটি প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শফিক আহমেদ বলেন, “তারা যদি এ ধরনের সংবাদ প্রচার করে থাকে, তাহলে ভুল প্রচার করছেন।” তিনি বলেন, “ধর্মীয় বা রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার বা বিচার করা হচ্ছে না। যাদের বিচারের আওতায় আনা হচ্ছে তাদের বিরুদ্ধে মানবতাবিরোদী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।” ্ ইতিহাস একাডেমীর সভাপতি অধ্যাপক কে এম মহসিনের সভাপতিত্বে এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলামসহ একাডেমীর সদস্যরা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতœতত্ত্ববিদ আ কা ম জাকারিয়াকে স্বর্ণপদকে ভূষিত করে একাডেমী কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৫০ ঘ.